- ০৮ জুন, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া নানা গুজব ও বিভ্রান্তিকর তথ্যের প্রেক্ষাপটে গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আলতাফ হোসেন বলেছেন, ব্যাংকের আর্থিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদ।
রোববার প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, কিছু অপপ্রচার ও ভিত্তিহীন তথ্যের কারণে দেশের বিভিন্ন স্থানে কিছু গ্রাহক উদ্বিগ্ন হয়ে অতিরিক্ত অর্থ উত্তোলনের চেষ্টা করছেন। তবে বাস্তবে ব্যাংকের তারল্য পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গ্রাহকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই।
ভারপ্রাপ্ত এমডি জানান, ইসলামী ব্যাংকের আর্থিক ভিত্তি শক্তিশালী এবং গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ সবসময় খোলা রয়েছে। তিনি বলেন, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, অতীতেও ব্যাংকটি নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেছে এবং গ্রাহকদের আস্থার কারণে সেসব পরিস্থিতি সফলভাবে অতিক্রম করতে সক্ষম হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে বর্তমান পরিস্থিতিও সাময়িক বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ব্যাংকের পরিচালনা ও বিনিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে বলেও দাবি করেন মুহাম্মদ আলতাফ হোসেন। তাঁর মতে, বর্তমানে প্রতিটি বিনিয়োগ ও আর্থিক সিদ্ধান্ত যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে গ্রহণ করা হয়, ফলে অনিয়ম বা অপব্যবহারের সুযোগ নেই।
বাংলাদেশ ব্যাংকের সহযোগিতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক সবসময় ইসলামী ব্যাংকের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে। এ কারণে ব্যাংকের কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি।
ভিডিও বার্তার শেষাংশে গ্রাহকদের উদ্দেশে তিনি বলেন, কোনো ধরনের অপপ্রচার বা গুজবে বিভ্রান্ত না হয়ে ব্যাংকের প্রতি আস্থা রাখার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, ইসলামী ব্যাংক আগের মতোই স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও গ্রাহকদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে।
ব্যাংক কর্তৃপক্ষের এই বক্তব্যের মাধ্যমে সাম্প্রতিক উদ্বেগ দূর হবে এবং গ্রাহকদের মধ্যে আস্থা ফিরে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।