- ০৭ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) পরিচালক অধ্যাপক এসএম শহিদুল ইসলামকে পদ থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজে তদন্ত কার্যক্রম চলাকালে তার বিরুদ্ধে ঘুস গ্রহণের অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। একই ঘটনায় সংশ্লিষ্ট আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।
এ বিষয়ে দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ইঙ্গিত দেন যে, দ্রুত সময়ের মধ্যেই অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বিষয়টি নিয়ে সচিবকে প্রয়োজনীয় চিঠি দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে মনিপুর স্কুল অ্যান্ড কলেজে তদন্ত চলাকালে ঘুস গ্রহণের অভিযোগ উঠে আসে। ওই প্রতিবেদনের পর বিষয়টি নিয়ে নতুন করে তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপ শুরু হয়।
অভিযোগ অনুযায়ী, ডিআইএ’র একটি দল আওয়ামী লীগ সরকারের সময়ে প্রতিষ্ঠানটিতে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত করছিল। তবে ছয় মাসের বেশি সময় পার হলেও সেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, অডিট কার্যক্রম পরিচালনার সময় অভিযুক্তদের কাছ থেকে অর্থ আদায়ের মাধ্যমে প্রায় ২ কোটি টাকা ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করা হবে।