Thursday, May 7, 2026

ঢাবির নতুন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী


প্রতীকী ছবিঃ ঢাবি নতুন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। বৃহস্পতিবার (৭ মে) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর।

শর্ত অনুযায়ী, তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। পাশাপাশি তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিকভাবে অবস্থান করতে হবে এবং উপাচার্যের নির্ধারিত দায়িত্ব ও ক্ষমতা অনুযায়ী কাজ করতে হবে। প্রয়োজনে রাষ্ট্রপতি যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে শিক্ষকতা ও গবেষণায় যুক্ত রয়েছেন। তিনি একই বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন এবং পরে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ অ্যাকাডেমি অব সায়েন্সের অ্যাসোসিয়েট ফেলো এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন ফেলো হিসেবে নির্বাচিত হন। তিনি একটি আন্তর্জাতিক গবেষণা জার্নালের প্রধান সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তার প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা শতাধিক এবং আন্তর্জাতিক বই রয়েছে ছয়টি। এছাড়া তার তত্ত্বাবধানে একাধিক পিএইচডি ও এমএসসি গবেষণা সম্পন্ন হয়েছে।

গবেষণার ক্ষেত্রে তিনি নতুন প্রজাতি আবিষ্কারসহ পরিবেশ ও জৈবপ্রযুক্তি বিষয়ে বিভিন্ন উদ্ভাবনী কাজের জন্য পরিচিত। এর মধ্যে শৈবাল ও উদ্ভিদবিষয়ক একাধিক নতুন প্রজাতি শনাক্ত এবং পানি বিশুদ্ধকরণ ও জৈব সেন্সর প্রযুক্তি উন্নয়নের কাজ উল্লেখযোগ্য।

প্রশাসনিক ও সাংগঠনিক ক্ষেত্রেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও গবেষণা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে তিনি দীর্ঘদিন ধরে একাডেমিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন