- ০৭ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটের মূল প্রতিষ্ঠান স্ন্যাপ ইনক এবং এআইভিত্তিক সার্চ স্টার্টআপ Perplexity AI–এর মধ্যে হওয়া বহুল আলোচিত অংশীদারিত্ব চুক্তি বাতিল হয়েছে। বুধবার ত্রৈমাসিক আয় প্রতিবেদন প্রকাশের সময় বিষয়টি নিশ্চিত করেছে স্ন্যাপ।
গত বছরের নভেম্বরে ঘোষিত ওই চুক্তির আওতায় পারপ্লেক্সিটির এআই সার্চ প্রযুক্তিকে সরাসরি স্ন্যাপচ্যাটে যুক্ত করার পরিকল্পনা ছিল। চুক্তি অনুযায়ী, এক বছরের মধ্যে নগদ অর্থ ও ইকুইটির মাধ্যমে স্ন্যাপকে প্রায় ৪০০ মিলিয়ন ডলার দেওয়ার কথা ছিল পারপ্লেক্সিটির।
তবে নতুন প্রতিবেদনে স্ন্যাপ জানায়, চলতি বছরের প্রথম প্রান্তিকেই দুই প্রতিষ্ঠান পারস্পরিক সমঝোতার ভিত্তিতে অংশীদারিত্বের ইতি টেনেছে। ফলে ভবিষ্যৎ আয় হিসাবেও পারপ্লেক্সিটির কোনো অবদান ধরা হচ্ছে না।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, পারপ্লেক্সিটির কথোপকথনভিত্তিক এআই সার্চ সুবিধা স্ন্যাপচ্যাটের “চ্যাট” ইন্টারফেসে যুক্ত হওয়ার কথা ছিল। এতে ব্যবহারকারীরা অ্যাপের মধ্যেই প্রশ্ন করে তাৎক্ষণিক উত্তর পেতে পারতেন। কিছু ব্যবহারকারীর মধ্যে পরীক্ষামূলকভাবে এই সুবিধা চালুও করা হয়েছিল।
তবে ফেব্রুয়ারিতে স্ন্যাপ জানিয়েছিল, উভয় প্রতিষ্ঠান এখনো বৃহৎ পরিসরে সেবাটি চালুর বিষয়ে একমত হতে পারেনি। শেষ পর্যন্ত সেই অনিশ্চয়তাই চুক্তি বাতিলের দিকে নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
চুক্তি ঘোষণার সময় স্ন্যাপের প্রধান নির্বাহী Evan Spiegel বলেছিলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে স্ন্যাপচ্যাটে নতুন ধরনের কনটেন্ট আবিষ্কারের অভিজ্ঞতা তৈরি করাই ছিল তাদের লক্ষ্য। অন্যদিকে পারপ্লেক্সিটি এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য দেয়নি।
এদিকে আয় প্রতিবেদনে স্ন্যাপ আরও জানিয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে স্ন্যাপচ্যাটের দৈনিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ৫ শতাংশ বেড়ে ৪৮ কোটি ৩০ লাখে পৌঁছেছে। একই সময়ে মাসিক সক্রিয় ব্যবহারকারী বেড়ে দাঁড়িয়েছে ৯৬ কোটি ৫০ লাখে।
কোম্পানিটি বলছে, Snapchat–এর নতুন ফিচার, বিশেষ করে স্ন্যাপ ম্যাপ ও এআর লেন্স ব্যবহার বৃদ্ধির কারণে এই প্রবৃদ্ধি এসেছে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইভান স্পিগেল বলেন, প্রথম প্রান্তিকে ব্যবহারকারী বৃদ্ধি, রাজস্ব প্রবৃদ্ধি এবং নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি হয়েছে। পাশাপাশি ভবিষ্যতের স্মার্ট চশমা ও এআইভিত্তিক ওয়্যারেবল প্রযুক্তিতে বিনিয়োগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে স্ন্যাপ তাদের বৈশ্বিক কর্মীবাহিনীর প্রায় ১৬ শতাংশ ছাঁটাইয়ের ঘোষণা দেয়। কোম্পানিটি জানিয়েছিল, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অগ্রগতির কারণে ব্যবসায়িক পুনর্গঠনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।