Thursday, May 7, 2026

গানে ফিরছে কে-পপ গ্রুপ নিউজিনস, সদস্য সংখ্যা নিয়ে অনিশ্চয়তা


ছবিঃ নিউজিনসের সদস্যেরা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

জনপ্রিয় কে-পপ গার্ল গ্রুপ নিউজিন্স আবারও সংগীত কার্যক্রমে ফিরতে যাচ্ছে। তবে দলটি আগের মতো পাঁচ সদস্য নিয়েই ফিরবে, নাকি সদস্য সংখ্যা কমে আসবে—এ নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক অনিশ্চয়তা।

দলটির এজেন্সি এডোর জানিয়েছে, সদস্য হাইইন, হেয়ারিন ও হানি বর্তমানে সংগীত প্রযোজনার কাজে কোপেনহেগেনে অবস্থান করছেন। তবে এই সফরে ছিলেন না মিনজি, যা ঘিরে গুঞ্জন আরও জোরালো হয়েছে যে তিনি ছাড়াই দলটি কার্যক্রম শুরু করতে পারে।

দীর্ঘদিন ধরে আইনি জটিলতার কারণে নিউজিনস কার্যত নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। ২০২৪ সালের নভেম্বর মাসে সদস্যরা এডোরের সঙ্গে চুক্তি বাতিলের নোটিশ দেন এবং ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগ তোলেন। পরে এডোর চুক্তির বৈধতা নিয়ে মামলা করলে প্রাথমিক রায়ে আদালত কোম্পানির পক্ষেই সিদ্ধান্ত দেয়, যার ফলে দলটির কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

পরবর্তীতে গত বছরের শেষ দিকে এডোর হাইইন, হেয়ারিন ও হানির ফেরার বিষয়টি নিশ্চিত করে। একই সময়ে আরেক সদস্য ড্যানিয়েলের চুক্তি বাতিলের কথাও জানানো হয়। তবে মিনজির অবস্থান নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

এজেন্সি সূত্রে জানা গেছে, কোপেনহেগেনে থাকা তিন সদস্য নতুন সংগীতের প্রি-প্রোডাকশন ও রেকর্ডিং কাজ করছেন। স্থানীয় স্টুডিও বুকিং এবং সদস্যদের উপস্থিতির ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় নতুন অ্যালবাম নিয়ে গুঞ্জন আরও বেড়েছে।

এডোর জানিয়েছে, এটি দলের ভবিষ্যৎ সংগীতধারার প্রস্তুতির অংশ, এবং সদস্যরা নিজেদের পরিস্থিতি অনুযায়ী ধাপে ধাপে কার্যক্রমে যুক্ত হচ্ছেন। তবে মিনজির বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা দেওয়া হয়নি।

বিশ্লেষকদের মতে, তিন সদস্যের এই সক্রিয়তা ভবিষ্যতে নিউজিনসের গঠন নিয়ে নতুন প্রশ্ন তৈরি করতে পারে। কেউ কেউ মনে করছেন, পূর্ণাঙ্গ পাঁচ সদস্যের দল হিসেবে তাদের প্রত্যাবর্তন এখনও অনিশ্চিত।

তবে এডোরের পক্ষ থেকে বলা হয়েছে, সব সদস্যের অংশগ্রহণ নিয়েই আলোচনা চলছে এবং উপযুক্ত সময়ে বিস্তারিত জানানো হবে। ফলে নিউজিনসের পূর্ণাঙ্গ প্রত্যাবর্তন নাকি আংশিক লাইনআপ—তা নিয়ে এখনো কৌতূহল রয়ে গেছে ভক্তদের মধ্যে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন