Thursday, May 7, 2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরমপূরণ শুরু ১৩ মে


প্রতীকী ছবিঃ জাতীয় বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরমপূরণের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় । আগামী ১৩ মে থেকে ফরমপূরণের কার্যক্রম শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত, যা সম্পন্ন হবে অনলাইনের মাধ্যমে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট কপি সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।

এ পরীক্ষায় ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি ২০২১–২২, ২০২২–২৩ ও ২০২৩–২৪ শিক্ষাবর্ষের অনিয়মিত, গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী এবং ২০১৭–১৮ থেকে ২০২০–২১ শিক্ষাবর্ষের প্রমোটেড (F গ্রেডপ্রাপ্ত) শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজ কর্তৃপক্ষ ১৪ মে থেকে ১৫ জুন ২০২৬ পর্যন্ত আবেদন যাচাই-বাছাই করে অনলাইনে চূড়ান্ত নিশ্চয়ন সম্পন্ন করবে। এরপর ১৭ ও ১৮ জুন বিকেল ৪টা পর্যন্ত ‘সোনালী সেবা’ মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে।

ফি কাঠামো অনুযায়ী, নিয়মিত পরীক্ষার্থীদের প্রতি পূর্ণ পত্রের ফি ৩০০ টাকা, ইনকোর্স ফি ৪৫০ টাকা এবং কেন্দ্র ফি ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ২০১৭–১৮ শিক্ষাবর্ষের অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ ফি ৫ হাজার টাকা ধার্য করা হয়েছে।

ফরমপূরণের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে—অনলাইন ফরম যথাযথভাবে পূরণ ও বিভাগীয় প্রধানের কাছে জমা দেওয়া, বিষয়কোড সঠিকভাবে এন্ট্রি করা, ভুল হলে পুনরায় ফরম ডাউনলোড করে সংশোধন, রেজিস্ট্রেশন অনুযায়ী বিষয় নির্বাচন এবং নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন কার্ডের কপি জমা দেওয়া।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো শিক্ষার্থী যদি বিষয়কোড বা তথ্য ভুলভাবে পূরণ করে, তার দায় বিশ্ববিদ্যালয় বহন করবে না। তাই ফরমপূরণের ক্ষেত্রে শিক্ষার্থীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন