- ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বেসরকারি টেলিভিশন স্টেশন ‘গান বাংলা’ এর ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নী এর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। পাশাপাশি তাদের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই মেহেদী হাসান পৃথক দুটি আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয় যে, কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত অনুসন্ধান চলছে এবং তার বিরুদ্ধে সাক্ষ্য ও প্রমাণ সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে।
আবেদনে আরও বলা হয়েছে, কৌশিক হোসেন তাপস যদি দেশের বাইরে চলে যান, তবে অনুসন্ধান কার্যক্রম ও বিচার প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি হতে পারে। এছাড়া তার পলাতক হওয়ার সম্ভাবনা থাকায় দেশের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জরুরি।
অনুসন্ধানের অংশ হিসেবে সন্দেহভাজন ব্যক্তি তাপস ও তার পরিবারকে নিয়ে স্থাবর-অস্থাবর সম্পত্তি সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছিল। তবে আয়কর নথি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাওয়া যায়নি। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আদালত এই নথি জব্দের নির্দেশ দিয়েছে।
এছাড়া আদালত জানিয়েছে, নথি পর্যালোচনা করা হলে অনুসন্ধান কার্যক্রমে সহায়ক প্রমাণ সংগ্রহ করা সম্ভব হবে এবং প্রমাণভিত্তিক মামলার প্রক্রিয়া ত্বরান্বিত হবে।