- ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছরের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়িয়েছে। আজ বৃহষ্পতিবার বিশেষ আদেশ জারি করে এনবিআর জানিয়েছে, ব্যক্তি করদাতারা জরিমানা ছাড়া ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।
এর আগে এই মেয়াদ দুটি দফায় এক মাস করে বাড়ানো হয়েছিল। সাধারণত আয়কর রিটার্ন জমার শেষ তারিখ থাকে ৩০ নভেম্বর। তবে প্রতিবছর এনবিআর করদাতাদের সুবিধার্থে সময়সীমা বৃদ্ধি করে থাকে।
দেশে বর্তমানে প্রায় ১ কোটি ১৫ লাখ টিআইএনধারী রয়েছেন, যাদের করযোগ্য আয় থাকলে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। এর মধ্যে ৩৪ লাখের বেশি করদাতা ইতিমধ্যেই রিটার্ন জমা দিয়েছেন।
অনলাইনে রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া: সব করদাতাকে এখন অনলাইনে রিটার্ন দিতে হবে। এজন্য এনবিআরের ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে রিটার্ন জমা দেওয়া যাবে।
অনলাইনে রিটার্ন জমা দেওয়ার জন্য কোনো কাগজপত্র আপলোড করতে হবে না। তবে যে কাগজপত্রের তথ্য দেওয়া হবে, তা ভবিষ্যতে নিরীক্ষা বা অন্যান্য প্রয়োজনে কাজে লাগতে পারে, তাই সংরক্ষণ রাখা উচিত।
কর পরিশোধের সুবিধার জন্য অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সময় ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ বা অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করা যাবে।
এদিকে এনবিআর আশা করছে, সময়সীমা বাড়ানোর ফলে আরও বেশি করদাতা রিটার্ন জমা দিতে পারবেন এবং জরিমানা এড়িয়ে যাবেন।