Monday, October 12, 2026

গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ


ছবিঃ শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকায় এএমসি নীট কম্পোজিট লিমিটেড কারখানায় লে-অফ ঘোষণার প্রতিবাদে এবং দ্রুত কারখানা চালুর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। সোমবার (১২ অক্টোবর) সকালে তাঁদের এ কর্মসূচির কারণে মহাসড়কের ময়মনসিংহগামী লেনে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের আশ্বাসে শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টার দিকে কারখানার সামনে জড়ো হতে থাকেন শ্রমিকেরা। পরে সকাল ১০টা ২০ মিনিটের দিকে তাঁরা মেম্বার বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই লেনে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

কারখানা সূত্র জানায়, পর্যাপ্ত উৎপাদনকাজ না থাকা এবং বয়লারের সমস্যার কথা উল্লেখ করে গত ১০ অক্টোবর থেকে কারখানাটির গার্মেন্টস ও কাটিং বিভাগের (ইউনিট-২) প্রায় ৫৮৫ শ্রমিকের জন্য লে-অফ ঘোষণা করা হয়েছে।

শ্রমিকদের অভিযোগ, সোমবার সকালে তাঁরা কারখানার প্রধান ফটকের পাশে জড়ো হওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ও কারখানার ঝুট ব্যবসায়ীরা তাঁদের বাধা দেন। এ নিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে কারখানা খুলে দেওয়ার দাবিতে তাঁরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।

শ্রমিকেরা জানান, প্রথমে হঠাৎ করে কারখানায় দুই দিনের ছুটি ঘোষণা করা হয়। এরপর গত শনিবার (১০ অক্টোবর) কারখানার সামনে লে-অফের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। তবে এ সিদ্ধান্ত নেওয়ার আগে শ্রমিকদের পাওনা, কর্মসংস্থানের ভবিষ্যৎ কিংবা কারখানা পুনরায় চালুর বিষয়ে কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে কোনো আলোচনা করেনি বলে অভিযোগ তাঁদের।

লে-অফের পর কারখানাটি আবার চালু হবে কি না, সে বিষয়েও কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট কোনো তথ্য পাননি বলে জানান শ্রমিকেরা। এতে তাঁদের মধ্যে কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বর্তমান কারখানা চালুর অপেক্ষায় থাকবেন, নাকি অন্য কোথাও চাকরি খুঁজবেন—তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।

শ্রমিকেরা আরও বলেন, আয় বন্ধ হয়ে গেলে পরিবার নিয়ে দৈনন্দিন খরচ চালানো কঠিন হয়ে পড়বে। ঘরভাড়া, খাবারসহ সংসারের প্রয়োজনীয় ব্যয় মেটাতে তাঁদের নিয়মিত আয়ের ওপর নির্ভর করতে হয়। এমন পরিস্থিতিতে দ্রুত কারখানা খুলে দিয়ে কাজে ফেরার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

অবরোধের খবর পেয়ে সালনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে। তাঁদের দাবি সমাধানের আশ্বাস দেওয়া হলে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে যান। এরপর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুর রহমান বলেন, সোমবার সকালে মেম্বার বাড়ি এলাকায় শ্রমিকেরা অল্প সময়ের জন্য মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এ ঘটনায় বড় ধরনের যানজট বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন