Saturday, June 20, 2026

গাজায় নতুন ইসরায়েলি হামলায় অন্তত ৫ জন নিহত, লক্ষ্যবস্তু আবাসিক এলাকা


ছবিঃ শনিবার, ২০ জুন, ২০২৬, রাতভর ইসরায়েলি বিমান হামলার পর গাজা সিটিতে ফিলিস্তিনি সাফাদি পরিবারের অ্যাপার্টমেন্ট পরিদর্শন করছেন বাসিন্দারা (সংগৃহীত । আল জাজিরা /আব্দেল করিম হানা/এপি)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নতুন বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) ভোরের দিকে গাজা সিটির একটি আবাসিক ভবনে এই হামলা চালানো হয় বলে চিকিৎসা সূত্র ও স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানায়, গাজা সিটির আল-থালাথিনি স্ট্রিট এলাকায় একটি ভবনে হামলায় একই পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। নিহতদের মধ্যে একজন বাবা ও তাঁর দুই মেয়ে রয়েছে। হামলায় গুরুতর আহত হন তাঁদের মা, পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজ্জুম বলেন, হামলার আগে কোনো ধরনের সতর্কতা বা সর্তক সংকেত দেওয়া হয়নি। তিনি বলেন, “এটি এমন এক বাস্তবতা যা প্রতিদিন আরও ভয়াবহ হয়ে উঠছে।”

এছাড়া শুক্রবার সন্ধ্যায় খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি তাঁবুতেও ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন আহত হন।

একই সময়ে দক্ষিণ গাজার উপকূলে ইসরায়েলি নৌবাহিনীর জাহাজ থেকে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ওয়াফা।

স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবর মাসে ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে গাজায় ১,০০৭ জনের বেশি মানুষ নিহত এবং ৩,১৬৫ জন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা ৭৩,০০০ ছাড়িয়ে গেছে।

মানবিক সংস্থাগুলো বলছে, গাজায় বর্তমানে প্রায় ২২ লাখ মানুষ তীব্র খাদ্য, চিকিৎসা ও আশ্রয় সংকটে রয়েছে। একই সঙ্গে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণ ও অবরোধের কারণে ত্রাণসামগ্রী প্রবেশও সীমিত হয়ে পড়েছে, যা মানবিক পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করছে।



Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন