- ১০ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা। এক শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর নিরাপদ পারাপারের দাবিতে রোববার (৯ আগস্ট) সকাল থেকে মহাসড়কে অবস্থান নেন তারা।
বেলা ১১টার দিকে মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের ভাষ্য, শনিবার রাতে মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আরাফাত নিহত হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করা হলেও এর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনার পর থেকেই মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। রোববার সকালে তারা গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় ব্যানার প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন স্লোগান দিয়ে মাদ্রাসার সামনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান তারা।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, মাদ্রাসায় কয়েক হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। প্রতিদিন তাদের অনেককেই ব্যস্ত মহাসড়ক পার হয়ে যাতায়াত করতে হয়। নিরাপদ পারাপারের কোনো ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হচ্ছে। গত রাতে ইয়াসীন আরাফাতের মৃত্যুর পর বিষয়টি আবারও সামনে এসেছে।
শিক্ষার্থীদের দাবি, দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত স্থায়ী সমাধানের ব্যবস্থা করতে হবে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ কথা বলছে। তারা এখনো মহাসড়কে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের ঘটনাস্থলে আসতে বলা হয়েছে।
শিক্ষার্থীরা সড়ক থেকে সরে না যাওয়ায় মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।