Sunday, August 9, 2026

মানিকগঞ্জে শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ


ছবিঃ ছেলের মৃত্যুর ঘটনায় স্থানীয় কয়েকজন যুবকের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন শিহাবের মা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। মানিকগঞ্জ 

মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকার ধলেশ্বরী মাঠের শহীদ মিনার থেকে শিহাব (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা নিয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৯ আগস্ট) সকালে শহীদ মিনারের একটি স্তম্ভ থেকে শিহাবের লাশ উদ্ধার করা হয়। নিহত শিহাব মানিকগঞ্জ পৌরসভার হিজুলি এলাকার সেলিম মিয়ার ছেলে। জীবিকার প্রয়োজনে সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচাবাজারে মাছ কাটার কাজ করত।

পরিবারের সদস্যরা জানান, গত কয়েক দিন ধরে শিহাব নিয়মিত বাড়িতে থাকছিল না। প্রায়ই বন্ধুদের সঙ্গে বাইরে রাত কাটাত। শনিবার রাতেও বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সে।

শিহাবের মা জানান, রাতে বেউথা এলাকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা বলে তার কাছে ৫০০ টাকা চেয়েছিল ছেলে। কিন্তু ঘরে ওই পরিমাণ টাকা না থাকায় তিনি টাকা দিতে পারেননি। এরপর মন খারাপ করে শিহাব বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায়।

পরদিন সকালে ঘুম থেকে উঠে তিনি জানতে পারেন, জাগীরের ধলেশ্বরী মাঠের শহীদ মিনারের একটি স্তম্ভে শিহাবের লাশ ঝুলছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।

এদিকে ছেলের মৃত্যুর ঘটনায় স্থানীয় কয়েকজন যুবকের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন শিহাবের মা। তবে তার অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন