- ১৪ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে একটি বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আরিফুল ইসলাম নামে একজনের শরীরের প্রায় ৬৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল ১ নম্বর গলির একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ আরিফুল ইসলাম (৩৫) রংপুরের কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামের আলী আজগরের ছেলে। বর্তমানে তিনি ফতুল্লার দেলপাড়া বাজারসংলগ্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। আহত অন্য তিন শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়ে স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট স্যানিটারি মিস্ত্রি আব্দুল জলিল জানান, একটি বাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার জন্য ১৭ হাজার টাকায় চুক্তি হয়েছিল। এর মধ্যে অগ্রিম দুই হাজার টাকা দেওয়া হয়। পরে স্থানীয় এক গ্যাস ঠিকাদারের মাধ্যমে কয়েকজন শ্রমিক নিয়ে রাতে সংযোগের কাজ শুরু করা হয়।
তিনি বলেন, রাস্তা কেটে গ্যাসের পাইপ বের করে সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুনে চার শ্রমিক দগ্ধ হন। অন্য তিনজন তুলনামূলক কম আহত হলেও আরিফুল গুরুতরভাবে দগ্ধ হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আরিফুলকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, তার শরীরের প্রায় ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার প্রবণতা এখনও পুরোপুরি বন্ধ হয়নি। তারা এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর নজরদারি এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।