Thursday, May 14, 2026

ফিলিপাইনের সিনেটে গুলির শব্দ, আইসিসি-ওয়ারেন্টপ্রাপ্ত সেনেটরের গ্রেপ্তার ঘিরে উত্তেজনা


ছবিঃ সিনেটর সিনেটের সুরক্ষাধীন হেফাজতে ছিলেন। (সংগৃহীত । আল জাজিরা)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

ফিলিপাইনের সিনেটে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক ওয়ারেন্টপ্রাপ্ত এক রাজনীতিকের গ্রেপ্তারকে কেন্দ্র করে হঠাৎ গুলির শব্দ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এতে সিনেট ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা লকডাউন করা হয়।

ঘটনার কেন্দ্রে রয়েছেন সেনেটর রোনাল্ড “বাটো” দেলা রোসা, যিনি সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের মাদকবিরোধী অভিযানের সময় জাতীয় পুলিশ প্রধান ছিলেন। ওই অভিযানে হাজারো সন্দেহভাজন নিহত হওয়ার অভিযোগ রয়েছে এবং তা নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে।

প্রতিবেদন অনুযায়ী, দেলা রোসার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর তিনি সিনেট ভবনে অবস্থান নেন এবং জনসাধারণকে তার গ্রেপ্তার ঠেকানোর আহ্বান জানান। এরপরই সিনেট এলাকায় উত্তেজনা চরমে পৌঁছে যায়।

সেনেটের ভেতরে হঠাৎ গুলির শব্দ শোনা গেলে আইনপ্রণেতা, সাংবাদিক ও কর্মীরা নিরাপত্তার জন্য ছুটে যান। ভবনের স্টিল দরজা বন্ধ করে দেওয়া হয় এবং সেনা ও পুলিশ সদস্যরা ভারী অস্ত্রসহ এলাকায় অবস্থান নেয়।

সিনেট সচিবের দাবি, জাতীয় তদন্ত ব্যুরো (এনবিআই) ভবনে প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষের সময় গুলি ছোড়া হয়। তবে এনবিআই প্রধান এ অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, তাদের কোনো সদস্য ওই সময় ঘটনাস্থলে ছিল না।

ঘটনার সময় দেলা রোসা সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে অভিযোগ করেন, তাকে গ্রেপ্তার করে হেগে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে। তিনি সমর্থকদের প্রতিরোধের আহ্বান জানান।

পরে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র একটি ভিডিও বার্তায় জনগণকে শান্ত থাকার আহ্বান জানান এবং ঘটনার তদন্তের নির্দেশ দেন। তিনি বলেন, এটি কোনো পরিকল্পিত অস্থিরতা কিনা, তা খতিয়ে দেখা হবে।

দেলা রোসা দীর্ঘদিন সাবেক প্রেসিডেন্ট দুতের্তের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। দুতের্তে ২০১৬–২০১৮ সালের মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থানের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েন, যেখানে মানবাধিকার সংগঠনগুলোর মতে বহু মানুষ বিচারবহির্ভূতভাবে নিহত হন।

এরই মধ্যে ফিলিপাইনের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তের বিরুদ্ধে দুর্নীতি ও হুমকির অভিযোগে অভিশংসন প্রক্রিয়া শুরু হয়েছে, যা সিনেটে বিচারাধীন রয়েছে।

বিশ্লেষকদের মতে, সিনেটে দেলা রোসার উপস্থিতি এবং দুতের্তে ঘনিষ্ঠদের প্রভাব দেশটির ক্ষমতার ভারসাম্যে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। ফলে ফিলিপাইনের রাজনীতি এখন গভীর বিভক্তি ও সংঘাতের দিকে এগোচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন