- ০৮ জুন, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক। PNN
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই ভূমিকম্পে বহু ভবন ধসে পড়েছে এবং এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়, যা পরে অনেক জায়গায় প্রত্যাহার করা হলেও কিছু এলাকায় সতর্কতা বহাল থাকে।
যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৪০ মিনিটের কিছু আগে মিন্দানাও দ্বীপের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তি কেন্দ্র ছিল সমুদ্রের নিচে, যার ফলে আশপাশের উপকূলীয় অঞ্চলে কম্পন তীব্রভাবে অনুভূত হয়।
ভূমিকম্পের পর এক ঘণ্টারও বেশি সময় ধরে একাধিক আফটারশক আঘাত হানে বলে জানায় ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজি (PHIVOLCS)।
দক্ষিণ মিন্দানাওয়ের জেনারেল স্যান্টোস শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্রায় ৭ লাখেরও বেশি জনসংখ্যার এই শহরে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু স্থাপনা সম্পূর্ণ ধসে পড়ে।
স্থানীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, শহরটি “খুব শক্তিশালী” মাত্রার কম্পন অনুভব করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি তিনতলা ভবন যেখানে একটি জনপ্রিয় রেস্টুরেন্ট ছিল ভেঙে পড়ছে এবং চারদিকে ধুলার মেঘ ছড়িয়ে পড়ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সেন্ট এলিজাবেথ হাসপাতালের কিছু অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে রোগী ও চিকিৎসাকর্মীদের ভবনের বাইরে স্থানান্তর করতে বাধ্য হতে হয়।
জেনারেল স্যান্টোসের নটর ডেম অব ডাদিয়াঙ্গাস বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা জানান, ভূমিকম্পের সময় বহু ভবনে ফাটল ও আংশিক ধসের ঘটনা ঘটে, যার ফলে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জানিয়েছেন, জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে দ্রুত সক্রিয় করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় স্কুল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় তথ্য অনুযায়ী, প্রায় ৩১ লাখ শিক্ষার্থী এবং এক লাখেরও বেশি শিক্ষক ও কর্মী এই দুর্যোগে প্রভাবিত হয়েছেন। প্রেসিডেন্ট বলেন, “শিশুদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
ভূমিকম্পের পর ফিলিপাইনসহ ইন্দোনেশিয়া এবং এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। পরে বেশ কিছু এলাকায় তা তুলে নেওয়া হলেও জাপানের দক্ষিণাঞ্চলীয় উপকূল ও দ্বীপগুলোতে সতর্কতা বজায় রাখা হয়।
কর্তৃপক্ষ উপকূলীয় এলাকার বাসিন্দাদের নদীর মোহনা ও সমুদ্রতীরবর্তী এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।