Saturday, June 27, 2026

ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে টরন্টো বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ, দেশে ফিরল ইরানি প্রতিনিধিদল


ছবিঃ ইরান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি তাজ। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ফিফার ৭৬তম কংগ্রেসে অংশ নিতে কানাডায় গিয়েও শেষ পর্যন্ত দেশে ফিরে গেছে ইরান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদল। বিমানবন্দরে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের মুখে পড়ার পর তারা এই সিদ্ধান্ত নেয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কানাডার ভ্যাঙ্কুভার শহরে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে বিশ্বের ২১১টি সদস্য দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়। এ উপলক্ষে কানাডায় পৌঁছায় ইরানের প্রতিনিধিদলও।

তবে টরন্টো বিমানবন্দরে নামার পর ইরান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি তাজসহ প্রতিনিধিদের প্রায় তিন ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। পরে কেবল মেহেদি তাজকে কংগ্রেসে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হলেও পুরো দলই দেশে ফেরার সিদ্ধান্ত নেয়।

প্রতিবেদন অনুযায়ী, কানাডার ইমিগ্রেশন কর্তৃপক্ষ মেহেদি তাজের অতীত সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তোলে। তিনি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সাবেক সদস্য ছিলেন বলে জানা যায়। কানাডার আইনে এই সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

ইরানি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে মেহেদি তাজ বলেন, তাদের সবার বৈধ ভিসা থাকা সত্ত্বেও বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষা করানো হয়। পরে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হলেও দলের অন্য সদস্যদের পরিস্থিতি বিবেচনায় তারা স্বেচ্ছায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে ইরানি প্রতিনিধিদলকে পুনরায় কানাডায় নিয়ে যেতে জিয়ান্নি ইনফান্তিনো বিশেষ বিমানের প্রস্তাব দেন। তবে সেই প্রস্তাবও প্রত্যাখ্যান করে তেহরানে ফিরে যায় দলটি।

ঘটনাটি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, কূটনৈতিক ও নিরাপত্তাজনিত জটিলতা বড় আন্তর্জাতিক আয়োজনেও প্রভাব ফেলতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন