Saturday, May 2, 2026

এটা আমাদেরই গল্প’-এর ৫০তম পর্বে রেকর্ড ভিউ


ছবিঃ ‘এটা আমাদেরই গল্প’ নাটকের পোস্টার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

প্রচার শুরুর পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প-এর ৫০তম পর্ব নতুন করে আলোচনায় এসেছে। মুক্তির মাত্র ১৮ দশমিক ৩৪ ঘণ্টার মধ্যেই পর্বটি ইউটিউবে এক কোটি ভিউ অতিক্রম করেছে বলে জানিয়েছেন নির্মাতা মোস্তফা কামাল রাজ।

নাটকটির এই সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ার বইছে। নির্মাতা শিহাব শাহীন এক পোস্টে পুরো টিমকে অভিনন্দন জানিয়ে এটিকে বাংলা নাটক শিল্পের জন্য ইতিবাচক বার্তা হিসেবে উল্লেখ করেন। তাঁর পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে নির্মাতা ও অভিনয়শিল্পীরাও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একসময় দেশীয় ধারাবাহিক নাটকের জনপ্রিয়তা কমে গেলেও সাম্প্রতিক সময়ে সেই ধারা বদলাতে শুরু করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পারিবারিক গল্পনির্ভর এই নাটকটি দর্শকদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। অনেকেই বলছেন, নাটকের চরিত্র ও ঘটনাপ্রবাহে তারা নিজেদের জীবনের প্রতিফলন খুঁজে পান।

গত বছরের ৫ নভেম্বর থেকে টেলিভিশন ও ইউটিউব প্ল্যাটফর্মে একযোগে প্রচার শুরু হয় নাটকটির। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকারসহ আরও অনেকে।

নাটকটির নির্মাতা জানান, বাস্তব জীবনের পারিবারিক সম্পর্ক, টানাপোড়েন, ভালোবাসা ও দায়িত্ববোধের গল্প তুলে ধরার কারণেই এটি দর্শকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পেয়েছে।

এদিকে আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছে, ৫২তম পর্বের মধ্য দিয়েই শেষ হবে এই জনপ্রিয় ধারাবাহিকটির যাত্রা। ফলে শেষের পর্বগুলো ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন