Saturday, May 2, 2026

জুলাই সনদের বাস্তবায়ন শুরু করার আহ্বান তাজুল ইসলামের


ছবিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান, সনদ, গণভোটের রায়: আইনজীবীদের অবদান এবং করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জুলাই সনদের বাস্তবায়ন দ্রুত শুরু করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, এই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে জনমনে সন্দেহ ও অবিশ্বাস তৈরি হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে মধুর ক্যানটিন-এর সামনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান, সনদ, গণভোটের রায়: আইনজীবীদের অবদান এবং করণীয়’ শীর্ষক এই সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রপক্ষ।

তাজুল ইসলাম বলেন, জুলাইয়ের আন্দোলনের সুফল ভোগকারীরা যদি রাষ্ট্র পরিচালনায় আবেগের গুরুত্ব অস্বীকার করেন, তাহলে তা জনআকাঙ্ক্ষার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয়ে পড়ে। তিনি এটিকে জনগণের প্রত্যাশার সঙ্গে প্রতারণা হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সরকার ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে জুলাই সনদের বিভিন্ন ধারায় সম্মতি জানিয়েছে। তাই এখন সময় এসেছে সেগুলোর বাস্তবায়ন শুরু করার। এতে জনগণের মধ্যে আস্থা ফিরবে এবং রাজনৈতিক অস্থিরতা কমবে।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যে বিষয়গুলোতে জাতীয় ঐকমত্য রয়েছে, সেগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশকে অনিশ্চয়তা থেকে বের করে আনতে হবে।

তাজুল ইসলাম বলেন, দেশের রাজনীতিতে এমন পরিস্থিতি তৈরি হওয়া উচিত নয়, যেখানে নাগরিকদের ওপর দমন-পীড়ন চালিয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করা হয়। তিনি একটি মানবিক, নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তব্য দেন তরুণ আইনজীবী হাবিবুর রহমান। তিনি বলেন, জুলাই সনদের সাংবিধানিক অবস্থান নিয়ে ভবিষ্যতে বিতর্ক তৈরি হতে পারে, কারণ যেকোনো সংসদ চাইলে পরবর্তী সংশোধনীর মাধ্যমে তা পরিবর্তন বা বাতিল করতে পারে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নাসরীন সুলতানা, সভাপতি মোহাম্মদ প্রিন্সসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবী ও শিক্ষার্থীরা। তারা জুলাই আন্দোলনের চেতনা ধরে রেখে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন