Wednesday, August 19, 2026

এপ্রিলেও ৩ বিলিয়ন ডলার ছাড়ালো রেমিট্যান্স, টানা পাঁচ মাস শক্তিশালী প্রবাহ


প্রতীকী ছবিঃ বাংলাদেশ ব্যাংক (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

দেশে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। সদ্য বিদায়ী এপ্রিল মাসে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে, যা টানা পঞ্চম মাস হিসেবে একই উচ্চতায় অবস্থান করছে।

বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা গেছে, এপ্রিল মাসে দেশে মোট ৩১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। এর আগে ডিসেম্বর মাস থেকে শুরু করে ধারাবাহিকভাবে প্রতি মাসেই ৩০০ কোটির বেশি ডলার দেশে প্রবেশ করছে।

ব্যাংকারদের মতে, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে প্রবাসীরা সাধারণত বেশি অর্থ দেশে পাঠান। বিশেষ করে ঈদুল ফিতর সামনে রেখে রেমিট্যান্স প্রবাহ বাড়ে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতিও এই প্রবণতায় প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এই প্রবাহ আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

এছাড়া বৈদেশিক মুদ্রার বিনিময় হার তুলনামূলক বেশি পাওয়ায় প্রবাসীরা এখন আনুষ্ঠানিক চ্যানেলে অর্থ পাঠাতে আগ্রহী হচ্ছেন, যা রেমিট্যান্স বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

এর আগে মার্চ মাসে দেশে সর্বোচ্চ ৩৭৫ কোটি ডলার রেমিট্যান্স আসে। এছাড়া গত ডিসেম্বরে ৩২২ কোটি, জানুয়ারিতে ৩১৭ কোটি এবং ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার প্রবাসী আয় দেশে আসে।

অর্থনীতিবিদরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনায় সতর্কতা জরুরি। তাদের মতে, বর্তমান প্রবাহ ইতিবাচক হলেও ভবিষ্যতের সম্ভাব্য চাপ মোকাবিলায় পরিকল্পিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন