- ০২ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে বেড়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে চলতি এপ্রিল মাসে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের অতিরিক্ত ৩৮৭ টাকা ব্যয় করতে হবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে বিইআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এই মূল্য ঘোষণা করেন। তিনি জানান, এদিন সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।
নতুন মূল্য তালিকায় বিভিন্ন ওজনের সিলিন্ডারের দামও সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫.৫ কেজির সিলিন্ডার ৭৯২ টাকা, ১২.৫ কেজি ১ হাজার ৮০১ টাকা, ১৫ কেজি ২ হাজার ১৬১ টাকা এবং ১৬ কেজির সিলিন্ডার ২ হাজার ৩০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৫৯৩ টাকা, ২০ কেজি ২ হাজার ৮৮১ টাকা, ২২ কেজি ৩ হাজার ১৬৯ টাকা এবং ২৫ কেজির সিলিন্ডার ৩ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে। বড় আকারের সিলিন্ডারের মধ্যে ৩০ কেজি ৪ হাজার ৩২১ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৭৫৩ টাকা, ৩৫ কেজি ৫ হাজার ৪১ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৪২৮ টাকা।
পাশাপাশি অটোগ্যাসের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন হিসেবে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য মূসকসহ ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের মূল্য ওঠানামার প্রভাবেই দেশের এলপিজি দামে এই সমন্বয় করা হয়েছে, যা সরাসরি ভোক্তাদের ব্যয়ে প্রভাব ফেলবে।