- ০২ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের যুগোপযোগী প্রযুক্তি জ্ঞান দিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পাঠ্যবইয়ে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন এই পরিকল্পনার আওতায় ২০২৭ শিক্ষাবর্ষ থেকে পাঠ্যবইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিকস, সাইবার নিরাপত্তা, মিডিয়া লিটারেসিসহ আধুনিক নানা বিষয় অন্তর্ভুক্ত করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে একটি বিশেষ কর্মশালার মাধ্যমে পাঠ্যবইয়ের কনটেন্ট উন্নয়ন ও পরিমার্জনের কাজ এগিয়ে নেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইসিটি বিশেষজ্ঞ ও অভিজ্ঞ শিক্ষকেরা অংশ নিয়ে নতুন বিষয়বস্তুর চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করেছেন।
নতুন পরিকল্পনা অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা প্রযুক্তির বিভিন্ন আধুনিক ধারণা হাতে-কলমে শেখার সুযোগ পাবে। এর মধ্যে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, চতুর্থ শিল্পবিপ্লব, ভার্চ্যুয়াল রিয়েলিটি, ন্যানো প্রযুক্তি, স্মার্ট হোম ও স্যাটেলাইট ইন্টারনেট সম্পর্কে ধারণা। পাশাপাশি ক্লাউড কম্পিউটিং, ডিজিটাল কনটেন্ট তৈরি, ভিডিও সম্পাদনা এবং প্রেজেন্টেশন তৈরির মতো ব্যবহারিক বিষয়ও শেখানো হবে।
এছাড়া শিক্ষার্থীদের অনলাইন নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে সাইবার বুলিং, অনলাইন গুজব, হ্যাকিং, ফিশিং ও স্প্যামিংয়ের মতো ঝুঁকিপূর্ণ বিষয়গুলোও পাঠ্যক্রমে যুক্ত করা হচ্ছে। আইসিটি আইন ও ডিজিটাল নিরাপত্তা সম্পর্কেও প্রাথমিক ধারণা দেওয়া হবে।
পাঠ্যবইয়ের কাঠামোগত পরিবর্তনও আনা হচ্ছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে নতুন অধ্যায় যুক্ত করা হচ্ছে, যেখানে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যা সমাধান শেখানো হবে। অধ্যায়ের নাম ও বিষয়বস্তুতেও পরিবর্তন এনে শিক্ষার্থীদের জন্য বিষয়গুলো আরও সহজবোধ্য ও আকর্ষণীয় করার চেষ্টা করা হয়েছে।
নবম-দশম শ্রেণির বইয়েও নতুন কিছু বিষয় সংযোজন করা হচ্ছে, যেমন চতুর্থ শিল্পবিপ্লব, ভার্চ্যুয়াল রিয়েলিটি, ডিজিটাল ফুটপ্রিন্ট, মিডিয়া লিটারেসি এবং ডেটাবেজ ব্যবস্থাপনা।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিন ধরে আইসিটি পাঠ্যবই হালনাগাদ না হওয়ায় শিক্ষার্থীরা প্রযুক্তিগত দক্ষতায় পিছিয়ে পড়ছিল। নতুন এই উদ্যোগের ফলে তারা আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার সক্ষমতা অর্জন করবে।
এ বিষয়ে এনসিটিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত করতেই এই পরিবর্তন আনা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে ধাপে ধাপে নতুন এই পাঠ্যবই কার্যকর করার পরিকল্পনা রয়েছে।