- ০৯ জুন, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে আটকে থাকা এমপিওভুক্ত শিক্ষকদের অবসর ভাতা বিতরণ জটিলতা নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে প্রায় আট হাজার অবসরপ্রাপ্ত শিক্ষককে জনপ্রতি পাঁচ লাখ টাকা করে প্রদানের পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। এর মধ্যে প্রথম ধাপে যাচাই-বাছাই শেষে ৩ হাজার ১০০ জন শিক্ষকের অর্থ ছাড়ের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, অবসরের পর দীর্ঘ সময় ধরে প্রাপ্য অর্থ না পাওয়ায় অনেক শিক্ষক আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন। তাদের দুর্ভোগ কমাতে আপাতত নির্দিষ্ট সংখ্যক অবসরপ্রাপ্ত শিক্ষকের জন্য একটি প্রাথমিক অর্থ সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সুবিধা প্রদানে সরকার বিভিন্ন বিকল্প নিয়ে কাজ করছে। তিনি বলেন, সর্বোচ্চ সংখ্যক শিক্ষককে কীভাবে দ্রুত অর্থ প্রদান করা যায়, সে লক্ষ্যে জনপ্রতি পাঁচ লাখ টাকা করে দেওয়ার একটি প্রাথমিক প্রস্তাব আলোচনায় রয়েছে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিনের বকেয়া পরিশোধে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকার বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। এই অর্থ চলতি মাস অথবা আগামী মাসের মধ্যে বিতরণ শুরু হতে পারে।
সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক বলেন, অর্থ সংকটের কারণে এতদিন অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা পরিশোধে বিলম্ব হয়েছে। তবে এখন অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও জানান, দীর্ঘদিনের এ জটিলতার সমাধান খুব শিগগিরই শুরু হবে এবং পর্যায়ক্রমে শিক্ষকদের প্রাপ্য অর্থ পরিশোধ করা হবে। এই উদ্যোগকে শিক্ষা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবেও দেখা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্টরা মনে করছেন, এই পদক্ষেপ বাস্তবায়িত হলে অবসরপ্রাপ্ত শিক্ষকদের আর্থিক চাপ অনেকটাই কমে আসবে এবং দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হবে।