Thursday, June 18, 2026

এমপিদের ফ্ল্যাটে গৃহস্থালি সুবিধা নিশ্চিত করার দাবি জামায়াত সংসদ সদস্যের


ফাইল ছবিঃ জাতীয় সংসদ অধিবেশন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জাতীয় সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত আবাসিক ফ্ল্যাটগুলোতে প্রয়োজনীয় গৃহস্থালি সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান। তিনি ফ্ল্যাটগুলোতে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন সরবরাহ এবং দরজা-জানালায় পর্দা স্থাপনের দাবি তুলে ধরেন।

বুধবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

বক্তব্যের একপর্যায়ে মিজানুর রহমান বলেন, সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত আবাসিক ফ্ল্যাটগুলোতে এখনও দরজা ও জানালার পর্দা লাগানো হয়নি। পাশাপাশি পূর্বে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন সরবরাহের বিষয়ে আলোচনা হলেও তা বাস্তবায়ন হয়নি বলে উল্লেখ করেন তিনি।

স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সংসদ সদস্যদের আবাসন সুবিধা আরও কার্যকর ও বাসযোগ্য করতে এসব প্রয়োজনীয় সামগ্রী দ্রুত সরবরাহ করা উচিত।

আবাসন-সংক্রান্ত দাবির পাশাপাশি তিনি বাজেট নিয়ে নিজের পর্যবেক্ষণও তুলে ধরেন। মিজানুর রহমান বলেন, প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও ব্যয়ের মধ্যে উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে, যা পূরণে সরকারকে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের ওপর নির্ভর করতে হতে পারে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বৈদেশিক ঋণ সংগ্রহের ক্ষেত্রে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় নানা চ্যালেঞ্জ রয়েছে। অন্যদিকে দেশীয় ব্যাংকিং খাত থেকে অতিরিক্ত ঋণ গ্রহণের ফলে আর্থিক খাতে চাপ বাড়তে পারে।

জামায়াতের এই সংসদ সদস্য আরও বলেন, ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ইতোমধ্যে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থায় ব্যাংকগুলোর ওপর অতিরিক্ত নির্ভরশীলতা আর্থিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারের আর্থিক ব্যবস্থাপনা ও ঋণনীতি নিয়ে সতর্ক অবস্থান গ্রহণের আহ্বান জানান এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে কার্যকর পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন