Thursday, June 18, 2026

দেশ গড়াই হবে আগামী দিনের রাজনীতিঃ মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান


ছবিঃ মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। মৌলভীবাজার 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হওয়ায় সরকার জনগণের কল্যাণে বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের সুযোগ পাচ্ছে। তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে ব্যর্থ হলে তার ক্ষতি দেশের সাধারণ মানুষকেই বহন করতে হবে।

বুধবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর রাষ্ট্র পরিচালনায় দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে সব নাগরিকের কল্যাণ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। যারা সরকারকে ভোট দিয়েছেন এবং যারা দেননি—উভয়েই সমানভাবে রাষ্ট্রীয় সুবিধা পাওয়ার অধিকারী বলে তিনি উল্লেখ করেন।

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় হাজারো মায়ের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। একইসঙ্গে চা-শ্রমিক নারীসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীকে এ কর্মসূচির আওতায় আনার উদ্যোগের কথাও তুলে ধরেন।

কৃষি খাতের উন্নয়নের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, দেশের কৃষকদের জন্য পৃথক কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে ৪০ লাখ কৃষকের হাতে এ কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি কৃষকদের ঋণসংক্রান্ত সুবিধা সম্প্রসারণেও সরকার কাজ করছে বলে জানান তিনি।

স্বাস্থ্য ও শিক্ষা খাতে সরকারের পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসা সুবিধা বাড়ানো হবে এবং ধাপে ধাপে বিভিন্ন আধুনিক সেবা চালু করা হবে। শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।

তিনি জনগণকে সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্রীয় অর্থ ও উন্নয়ন কার্যক্রমের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নাগরিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজন। জনগণের অংশগ্রহণ ও নজরদারি থাকলে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর হবে বলে তিনি মন্তব্য করেন।

বক্তব্যে তিনি রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, দেশের মানুষ এখন শান্তি, কর্মসংস্থান, উন্নত শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা প্রত্যাশা করে। এসব লক্ষ্য অর্জনে সরকার ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সুবিধাভোগী পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার পাশাপাশি শিক্ষার্থী, দুরারোগ্য রোগী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও গৃহহীন পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এছাড়া দেশের বিভিন্ন জেলার উপকারভোগীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের মতামত ও অভিজ্ঞতাও শোনেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের শুরুতে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন