Saturday, August 15, 2026

একদিন পর ফের উৎপাদনে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট


ছবিঃ দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। দিনাজপুর

যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মেরামত কাজ শেষে ইউনিটটি পুনরায় চালু করা হয়।

কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ১ নম্বর ইউনিট থেকে প্রায় ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

কেন্দ্র সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ১ নম্বর ইউনিটের একটি পাম্পে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে নিরাপত্তার স্বার্থে ইউনিটটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। পরে প্রকৌশলী ও কারিগরি কর্মীদের তৎপরতায় ত্রুটি শনাক্ত করে মেরামত করা হয়। মেরামত শেষে শনিবার সকালে ইউনিটটি ফের উৎপাদনে যায়।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ১ নম্বর ইউনিট থেকে বর্তমানে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

কেন্দ্রটিতে মোট তিনটি ইউনিট রয়েছে। এর মধ্যে ৩ নম্বর ইউনিটও বর্তমানে চালু রয়েছে। এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে প্রায় ১৬০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে উৎপাদনের বাইরে রয়েছে। ফলে বর্তমানে ১ ও ৩ নম্বর ইউনিটের ওপর নির্ভর করেই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

১ নম্বর ইউনিট পুনরায় চালু হওয়ায় কেন্দ্রটির মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কিছুটা বেড়েছে এবং জাতীয় গ্রিডে সরবরাহ পরিস্থিতিও স্বাভাবিক হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন