- ১২ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া নিয়ে এখনো আবেদন শুরুর তারিখ নির্ধারণ করতে পারেনি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী রোববার বা সোমবারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
বুধবার (১২ আগস্ট) দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আগামী সপ্তাহের শুরুতেই এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার আশা রয়েছে।
এর আগে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
চলতি বছর কলেজ পর্যায়ে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রায় ২৫ লাখ আসন রয়েছে। কিন্তু এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় এসব আসনের বড় একটি অংশ খালি থাকার সম্ভাবনা রয়েছে।
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এ বছর মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। সংশ্লিষ্টদের হিসাবে, এর ফলে প্রায় সাড়ে ১৩ লাখ আসন শূন্য থাকতে পারে।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে এ বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।
এবার শুধু পাসের হারই নয়, জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও কমেছে। সাধারণ শিক্ষা বোর্ডে ২০২৫ সালে যেখানে ১ লাখ ২৫ হাজার ১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল, ২০২৬ সালে সেই সংখ্যা নেমে এসেছে ১ লাখ ৬ হাজার ৯ জনে।
অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৯ হাজার ৯ জন।
এবার সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি। একইভাবে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্রদের তুলনায় ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী এবার জিপিএ-৫ পেয়েছে।
এসএসসি ও সমমানের ফল প্রকাশের পর এখন শিক্ষার্থীদের বড় একটি অংশ কাঙ্ক্ষিত কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার নামকরা কলেজে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা বেশি থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে আবেদন শুরুর তারিখ এখনো ঘোষণা না হওয়ায় অনেক শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে অপেক্ষা তৈরি হয়েছে। বোর্ডের সিদ্ধান্তের পরই অনলাইনে আবেদন, পছন্দক্রম নির্বাচন এবং পরবর্তী ধাপগুলোর সময়সূচি স্পষ্ট হবে।
শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহের শুরুতেই একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমের সময়সূচি চূড়ান্ত করার চেষ্টা চলছে। নির্ধারিত সময়ের মধ্যে পুরো ভর্তি প্রক্রিয়া শেষ করতে ধাপে ধাপে কার্যক্রম পরিচালনা করা হবে।