Sunday, April 19, 2026

এক বছর পর পর্দায় ফিরেই আলোচনায় হানিয়া আমির


ফাইল ছবিঃ হানিয়া আমির (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির আবারও আলোচনার কেন্দ্রে। ২০২৪ সালে ‘কাভি মে কাভি তুম’ ধারাবাহিকে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ানোর পর দীর্ঘ সময় তাঁকে আর কোনো নতুন সিরিয়ালে দেখা যায়নি। প্রায় এক বছরের বিরতির পর নতুন ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় ফিরে নতুন করে নজর কেড়েছেন এই তারকা।

এআরআই ডিজিটালের ধারাবাহিক ‘মেরি জিন্দেগি হ্যায় তু’-তে আইরা চরিত্রে অভিনয় করেছেন হানিয়া আমির। এই সিরিয়ালে প্রথমবারের মতো তাঁর বিপরীতে দেখা গেছে জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খানকে। কাময়ার ও আইরা চরিত্রে এই নতুন জুটি দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

২০২৫ সালের ৭ নভেম্বর টেলিভিশনে সম্প্রচার শুরু হওয়া সিরিয়ালটি অল্প সময়েই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। ইউটিউবে প্রতিটি পর্ব মিলিয়নের ঘর ছাড়িয়ে গেছে। চলতি বছরের জানুয়ারির শুরুতেই সিরিয়ালটির মোট ভিউ ৬০০ মিলিয়ন ছাড়িয়েছে বলে জানা গেছে।

পাকিস্তানের সীমানা পেরিয়ে বাংলাদেশ ও ভারতের দর্শকের কাছেও ধারাবাহিকটি জনপ্রিয়তা পেয়েছে। প্রেম, বিশ্বাস, ভুল বোঝাবুঝি এবং আবেগের নানা টানাপোড়েনকে কেন্দ্র করে গল্প এগিয়েছে। পর্দায় হানিয়া আমির ও বিলাল আব্বাস খানের রসায়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত আলোচনা করছেন দর্শকেরা।

তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও রয়েছে। অনেক দর্শকের মতে, গল্পের গতি কিছুটা ধীর এবং অতিরিক্ত ফ্ল্যাশব্যাক ব্যবহারের কারণে কাহিনি আরও সংক্ষিপ্ত হতে পারত। এসব মতামত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাচ্ছে।

সিরিয়ালটির টাইটেল গানও আলাদা করে জনপ্রিয়তা পেয়েছে। গানটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিংয়ে রয়েছে। সিক্স সিগমা প্লাসের প্রযোজনায় ধারাবাহিকটি নির্মাণ করেছেন মুসাদ্দিক মালেক।

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করছেন হানিয়া আমির। গত বছরের মাঝামাঝিতে ‘সর্দার জি ৩’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি বলিউডে অভিষেক করেন। এর আগে ২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে তাঁর চলচ্চিত্রজগতে পথচলা শুরু হয়।

প্রায় এক দশকের অভিনয়জীবনে হানিয়া আমির ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’ ও ‘আনা’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে পাকিস্তানের অন্যতম আলোচিত তারকায় পরিণত হয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন