Thursday, July 9, 2026

এইচএসসির পরই ঢাবির ভর্তি পরীক্ষা, ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নের পরিকল্পনা


প্রতীকী ছবিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার পর দেশের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবারও অন্যান্য প্রতিষ্ঠানের আগে ভর্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এখনো পরীক্ষার নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করা হয়নি।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি-সংক্রান্ত এক সভায় আসন্ন ভর্তি পরীক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার জানান, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে। তিনি বলেন, ভর্তি পরীক্ষার সময়সূচি ও অন্যান্য বিষয় খুব শিগগিরই চূড়ান্ত করা হবে।

সভায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র প্রণয়নের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাঠ্যক্রম বাংলা মাধ্যমের তুলনায় ভিন্ন হওয়ায় তাদের জন্য আলাদা প্রশ্নপত্রের ব্যবস্থা করা হলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ আরও বাড়বে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশেষ করে বিজ্ঞানভিত্তিক ‘ক’ ইউনিটে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র চালুর বিষয়ে নীতিগত আলোচনা হয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. মাহমুদ ওসমান ইমাম জানান, ব্যবসায় শিক্ষা ইউনিটে দীর্ঘদিন ধরেই ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য কিছুটা আলাদা ব্যবস্থা রয়েছে। অন্যান্য ইউনিটেও একই ধরনের সুযোগ চালু করা যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে।

তিনি বলেন, ভর্তি কার্যক্রম নিয়ে আরও দুটি সভা অনুষ্ঠিত হবে। অনলাইন আবেদন শুরুর আগে ও পরে এসব সভায় আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই আলাদা প্রশ্নপত্রের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। অনেক শিক্ষার্থী পাঠ্যক্রমের পার্থক্যের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ না নিয়ে বিদেশি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার দিকে ঝুঁকছেন বলে মনে করছে কর্তৃপক্ষ।

এদিকে, ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র চালু হলে মেধাতালিকা কীভাবে তৈরি করা হবে, তা পর্যালোচনার জন্য এর আগে একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটি এ বিষয়ে তাদের প্রতিবেদনও জমা দিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, ভর্তি প্রক্রিয়ায় প্রতিবছরই কিছু পরিবর্তন ও সংস্কারের বিষয় নিয়ে আলোচনা হয়। ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্রের প্রস্তাবও সেই ধারাবাহিকতার অংশ।

তিনি আরও জানান, ব্যবসায় শিক্ষা ইউনিটে বর্তমানে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ের পরিবর্তে ‘অ্যাডভান্সড ইংলিশ’ পরীক্ষার সুযোগ রয়েছে। তবে অন্যান্য বিষয়ে সবার জন্য একই প্রশ্নপত্র ব্যবহৃত হয়।

ভর্তি পরীক্ষার তারিখ ও নতুন নিয়মাবলি চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন