Thursday, July 9, 2026

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত


প্রতীকী ছবিঃ চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম 

চলমান বন্যা পরিস্থিতি ও প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (প্রেষণ) অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হবে। সাধারণত নির্ধারিত সব পরীক্ষা শেষ হওয়ার পর স্থগিত পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া অনুসরণ করা হয়।

তিনি বলেন, স্থগিত পরীক্ষার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার পর শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।

এদিকে আগামী শনিবার (১১ জুলাই) অনুষ্ঠেয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) পরীক্ষার বিষয়ে আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে জানা গেছে, বৃহস্পতিবারের পর পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জেলা প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে।

এর আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আশফাকুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিদ্যমান বন্যা পরিস্থিতি এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন জেলার প্রশাসনিক প্রতিবেদন বিবেচনায় নিয়ে ৮ জুলাইয়ের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।

তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতেই সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে দ্রুত নতুন সূচি প্রকাশ করা হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন