- ০৩ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
এইচএসসি ও সমমানের ব্যবহারিক পরীক্ষা আয়োজনের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
সুষ্ঠু ও স্বচ্ছভাবে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে কেন্দ্রগুলোর জন্য একাধিক নির্দেশনা জারি করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পাঠানো এক চিঠিতে এসব নির্দেশনার কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, ব্যবহারিক পরীক্ষা শেষে নম্বর এন্ট্রির সময় সংশ্লিষ্ট অভ্যন্তরীণ পরীক্ষক ও বহিঃপরীক্ষকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। পরীক্ষার নম্বর যথাযথভাবে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে উভয় পরীক্ষকের উপস্থিতি বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া যেসব পরীক্ষা কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ পর্যাপ্ত নেই, সেসব সরঞ্জাম পরীক্ষা শুরুর আগেই সংগ্রহ ও প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় উপকরণের অভাবে যাতে কোনো শিক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষা ব্যাহত না হয়, সে বিষয়েও কেন্দ্র কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, ব্যবহারিক পরীক্ষা গ্রহণের অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না। এ ধরনের অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এইচএসসি পরীক্ষা-২০২৬-এর আওতাধীন দেশের সব পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে নির্দেশনাসংবলিত চিঠিটি পাঠানো হয়েছে। ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্র কর্তৃপক্ষকে নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।