- ১০ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার পঞ্চম দিনে বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। শনিবার (১১ জুলাই) আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ২৯ জন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, পঞ্চম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৮ লাখ ২৪ হাজার ১৩৮ জন পরীক্ষার্থীর। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৩ হাজার ৩৪৬ জন। এসব বোর্ডে অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কার করা হয়েছে ১৮ জনকে।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি বহিষ্কারের ঘটনা ঘটেছে ময়মনসিংহ বোর্ডে। এ বোর্ডে চারজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। এছাড়া দিনাজপুর ও কুমিল্লা বোর্ডে তিনজন করে, ঢাকা, রাজশাহী, যশোর ও সিলেট বোর্ডে দুইজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
এদিকে বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শনিবারের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নয়জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে বহিষ্কারের সংখ্যা দুইজন।
এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে সবচেয়ে বেশি ৮০ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছিলেন। প্রথম চার দিনের হিসাবে প্রথম দিনে সাতজন, দ্বিতীয় দিনে ১৭ জন এবং তৃতীয় দিনে ৪৮ জন পরীক্ষার্থী বহিষ্কার হন।
শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরীক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে এবং নকল ও অসদুপায় রোধে কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।