- ২২ আগস্ট, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা আইইউ এবং অভিনেতা লি জং-সকের দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্কের অবসান ঘটেছে। দুই তারকার নিজ নিজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়েছে, আইইউ ও লি জং-সক পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ভবিষ্যতেও তারা সহকর্মী হিসেবে একে অপরের প্রতি সম্মান বজায় রাখবেন।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ব্যস্ত কর্মসূচি ও কাজের চাপের কারণে সাম্প্রতিক সময়ে দুজনের একসঙ্গে সময় কাটানোর সুযোগ কমে যাচ্ছিল। শেষ পর্যন্ত সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নেন তারা।
আইইউ ও লি জং-সকের পরিচয় শুরু হয় ২০১২ সালে। সে সময় তারা দক্ষিণ কোরিয়ার সংগীত অনুষ্ঠান ‘ইনকিগায়ো’-এর উপস্থাপক হিসেবে একসঙ্গে কাজ করেছিলেন। দীর্ঘদিনের বন্ধুত্বের পর ২০২২ সালের শেষ দিকে নিজেদের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে জানান এই দুই তারকা।
গায়িকা হিসেবে ২০০৮ সালে ক্যারিয়ার শুরু করেন আইইউ। ‘গুড ডে’ ও ‘ইউ অ্যান্ড আই’-এর মতো জনপ্রিয় গানের মাধ্যমে তিনি কোরিয়ান সংগীতাঙ্গনে ব্যাপক পরিচিতি পান। পরে অভিনয়েও নিজের অবস্থান শক্ত করেন তিনি। ‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস’সহ একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করে আন্তর্জাতিক দর্শকদের কাছেও পরিচিতি পেয়েছেন এই শিল্পী।
সম্প্রতি আইইউ অভিনীত ‘পারফেক্ট ক্রাউন’ নাটকের প্রচার শেষ হয়েছে। বর্তমানে তিনি নতুন অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। আগামী সেপ্টেম্বরে গোয়াং স্টেডিয়ামে তার একটি কনসার্ট আয়োজনের কথা রয়েছে।
অন্যদিকে লি জং-সক ২০০৫ সালে মডেল হিসেবে বিনোদন জগতে যাত্রা শুরু করেন। ২০১০ সালে ‘প্রসিকিউটর প্রিন্সেস’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর ‘সিক্রেট গার্ডেন’, ‘আই ক্যান হিয়ার ইয়োর ভয়েস’ ও ‘পিনোকিও’র মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে তিনি দর্শকদের নজর কাড়েন।
বর্তমানে লি জং-সক নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন। শিগগিরই তাকে ডিজনি প্লাসের নতুন সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’-এ দেখা যাবে।
চার বছরের সম্পর্কের সমাপ্তি হলেও আইইউ ও লি জং-সক দুজনই নিজ নিজ ক্যারিয়ার নিয়ে এগিয়ে যেতে প্রস্তুত বলে জানিয়েছে তাদের ঘনিষ্ঠ সূত্র।