Saturday, July 11, 2026

বিটিএসের সুইম নিয়ে কপিরাইট অভিযোগ অস্বীকার করল বিগ হিট মিউজিক


ছবিঃ বিটিএস (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের নতুন গান ‘সুইম’ ঘিরে তৈরি হয়েছে কপিরাইট বিতর্ক। যুক্তরাষ্ট্রের তিন গীতিকার গানটি নকলের অভিযোগ এনে মামলা করলেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছে বিটিএসের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বিগ হিট মিউজিক।

শুক্রবার এক বিবৃতিতে বিগ হিট মিউজিক জানায়, ‘সুইম’ নিয়ে আনা অভিযোগ একতরফা ও ভিত্তিহীন। প্রতিষ্ঠানটির দাবি, গানটি সম্পূর্ণ স্বাধীনভাবে তৈরি করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা এই অভিযোগের জবাব দেবে।

বিবৃতিতে বলা হয়, “মামলায় উত্থাপিত অভিযোগের কোনো ভিত্তি নেই। ‘সুইম’ একটি স্বতন্ত্র সৃষ্টি। আমরা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে দৃঢ়ভাবে বিষয়টির মোকাবিলা করব।”

গত ৮ জুলাই যুক্তরাষ্ট্রের তিন গীতিকার স্টিভ কুপার, জন স্যান্ডলার ও গ্রেলিন জনসন দেশটির আদালতে কপিরাইট লঙ্ঘনের মামলা করেন। তাদের অভিযোগ, ২০২৫ সালের শুরুতে তারা ‘সুইম’ নামে একটি ডেমো গান তৈরি ও রেকর্ড করেছিলেন। পরে সেই গানের সুর ও কাঠামো ব্যবহার করেই বিটিএসের নতুন অ্যালবাম ‘আরিরাং’-এর প্রধান গান তৈরি করা হয়েছে।

মামলার নথিতে বলা হয়েছে, ২০২৫ সালে লস অ্যাঞ্জেলেসে অ্যালবামের কাজ চলাকালে বিটিএস বিভিন্ন গীতিকার ও প্রযোজকের কাছ থেকে নতুন গান শুনছিল। ওই সময় অভিযোগকারীদের তৈরি ডেমো গানটি সংগীতশিল্পের বিভিন্ন পক্ষের কাছে পাঠানো হয়েছিল।

বাদীপক্ষের দাবি, তাদের গানটি যুক্তরাষ্ট্রের কপিরাইট অফিসে নিবন্ধিত ছিল এবং পরে বিটিএসের ‘সুইম’-এর সঙ্গে এর উল্লেখযোগ্য মিল পাওয়া যায়।

মামলায় সংগীত বিশ্লেষক আলেকজান্ডার স্টুয়ার্টের একটি প্রতিবেদনের কথাও উল্লেখ করা হয়েছে। সেখানে তিনি দাবি করেন, দুটি গানের মধ্যে এমন কিছু মিল রয়েছে, যা কেবল কাকতালীয় হওয়ার সম্ভাবনা কম।

তবে বিগ হিট মিউজিকের পক্ষ থেকে এসব অভিযোগের সত্যতা অস্বীকার করা হয়েছে।

মামলায় বিটিএসের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হাইব, হাইব আমেরিকা, বিগ হিট মিউজিক এবং ‘সুইম’ গানের সঙ্গে যুক্ত কয়েকজন গীতিকার ও প্রযোজককে বিবাদী করা হয়েছে। তবে বিটিএস সদস্যদের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ আনা হয়নি।

অভিযোগকারী গীতিকারেরা আদালতের কাছে ‘সুইম’ ব্যবহারে নিষেধাজ্ঞা, আর্থিক ক্ষতিপূরণ এবং গান থেকে অর্জিত আয়ের অংশ দাবি করেছেন। পাশাপাশি বিকল্প হিসেবে গানটির সহলেখক হিসেবে স্বীকৃতির আবেদনও করেছেন তারা।

এদিকে কপিরাইট বিতর্কের মধ্যেই ‘সুইম’ আন্তর্জাতিকভাবে ব্যাপক সাড়া ফেলেছে। গানটি বিলবোর্ড হট ১০০ তালিকায় শীর্ষে অভিষেক করেছে। একই সঙ্গে বিটিএসের অ্যালবাম ‘আরিরাং’ বিলবোর্ড ২০০-এর এক নম্বর স্থান দখল করেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে হাইবের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে এটি তৃতীয় কপিরাইট মামলা। এর আগে প্রতিষ্ঠানটির অধীনে থাকা অন্যান্য গানের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠেছে। তবে বিগ হিট মিউজিক সব অভিযোগের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় জবাব দেওয়ার অবস্থান নিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন