Saturday, July 11, 2026

বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার অবৈধ পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম কাদের


ছবিঃ বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম

অবৈধ পাহাড় কাটা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। তিনি বলেছেন, পরিবেশ ধ্বংস করে কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। মানুষের জীবন ও প্রকৃতি রক্ষায় পাহাড় কাটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১০ জুলাই) সকালে টানা ভারী বৃষ্টিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙ্গুনিয়া পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে ত্রাণসামগ্রী ও নগদ সহায়তা তুলে দেন তিনি।

হুমাম কাদের বলেন, “আমি বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব। অবৈধ পাহাড় কাটা কোনোভাবেই চলতে দেওয়া হবে না। মানুষের নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি জানান, রাঙ্গুনিয়ার মানুষের জীবন ও সম্পদ রক্ষায় পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়েও কাজ করা হবে।

সংসদ সদস্য বলেন, “টানা অতিবৃষ্টির কারণে অনেক মানুষ ক্ষতির মুখে পড়েছেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সরকার ও প্রশাসনের সমন্বয়ে দুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হবে।”

পরিদর্শনকালে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কয়েক দিনের টানা ভারী বর্ষণে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। দুর্গতদের সহায়তায় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ত্রাণ ও মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন