- ১৪ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
চলমান বৃষ্টি, জলাবদ্ধতা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। পরীক্ষা স্থগিত, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে শিক্ষা ভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে রওনা হয়েছেন তারা।
বুধবার (১৫ জুলাই) দুপুরের পর রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকার আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেখান থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে যাত্রা শুরু করেন তারা।
শিক্ষার্থীরা জানান, সায়েন্সল্যাব থেকে নিউমার্কেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্য দিয়ে শিক্ষা ভবনে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ‘দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘আমাদের ন্যায্য দাবি মানতে হবে’, ‘অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। কেউ কেউ চরম দুর্ভোগের মধ্য দিয়ে কেন্দ্রে গেলেও স্বাভাবিক পরিবেশে পরীক্ষা দিতে পারেননি।
তাদের দাবি, দুর্যোগপূর্ণ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করতে হবে। পাশাপাশি যেসব পরীক্ষার্থী দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য পুনরায় পরীক্ষার সুযোগ দিতে হবে।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, এমন পরিস্থিতিতে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের প্রতি অবিচার। এ ঘটনায় সরকারের ব্যর্থতার দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান তারা।
এদিকে রাজধানীর সায়েন্সল্যাব ছাড়াও উত্তরা এবং দেশের বিভিন্ন জেলায় একই দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচির খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।