Friday, September 4, 2026

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকছে টানা ২৫ দিন


ছবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) টানা ২৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২১ মে থেকে শুরু হওয়া এ ছুটি চলবে ১৪ জুন পর্যন্ত।

মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়া প্রশাসনিক কার্যক্রমেও বিরতি দেওয়া হয়েছে। আগামী ২৪ মে থেকে ৮ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। তবে প্রয়োজন অনুযায়ী কিছু দপ্তর সীমিত পরিসরে খোলা রাখা হতে পারে বলে জানিয়েছে প্রশাসন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরগুলোকে ছুটিকালীন প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।

দীর্ঘ এ ছুটিকে কেন্দ্র করে ইতোমধ্যে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের বাড়ি ফেরার প্রস্তুতি শুরু হয়েছে। অনেক শিক্ষার্থী পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের পাশাপাশি অবকাশ কাটানোর পরিকল্পনা করছেন।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, দীর্ঘদিনের ব্যস্ত একাডেমিক কার্যক্রমের পর এমন দীর্ঘ ছুটি কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন