Tuesday, July 14, 2026

এআই ব্যবহার করতে গিয়ে নিজেদের গোপন তথ্য হারাচ্ছে প্রতিষ্ঠান: সতর্কবার্তা সত্য নাদেলার


ছবিঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের মধ্যেই এবার বড় ধরনের সতর্কবার্তা দিলেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা। তাঁর মতে, অনেক প্রতিষ্ঠান এআই ব্যবহার করতে গিয়ে শুধু অর্থই ব্যয় করছে না, অজান্তেই নিজেদের সবচেয়ে মূল্যবান সম্পদ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জ্ঞান ও ব্যবসায়িক তথ্য এআই মডেল নির্মাতাদের হাতে তুলে দিচ্ছে।

রোববার প্রকাশিত এক ব্লগে নাদেলা বলেন, উন্নত ফল পেতে প্রতিষ্ঠানগুলোকে এআই মডেলের কাছে নিজেদের কাজের ধরন, সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি, তথ্য ও অভিজ্ঞতা বিস্তারিতভাবে তুলে ধরতে হয়। এভাবে ধীরে ধীরে প্রতিষ্ঠানের নিজস্ব দক্ষতা ও কৌশলও এআই সিস্টেমের শেখার উপাদানে পরিণত হয়।

তাঁর ভাষায়, একটি প্রতিষ্ঠান এআইয়ের জন্য একবার অর্থ দিয়ে মূল্য পরিশোধ করে, আবার আরও বড় মূল্য দেয় নিজেদের গোপন জ্ঞান ভাগ করে। কারণ যত বেশি তথ্য দেওয়া হয়, মডেল তত বেশি কার্যকর হয়ে ওঠে।

নাদেলার মতে, ব্যবহারকারীদের দেওয়া নির্দেশনা, সংশোধন, প্রতিক্রিয়া এবং এআই এজেন্টের ব্যবহার থেকে মডেলগুলো ক্রমাগত নতুন জ্ঞান অর্জন করে। এই প্রক্রিয়ায় এমন অনেক তথ্য জমা হয়, যা কোনো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে কখনো সংগ্রহ করতে পারত না।

তিনি আরও বলেন, যদি এআই কোম্পানিগুলো উন্মুক্ত তথ্য ব্যবহার করে নিজেদের মডেল প্রশিক্ষণ দিতে পারে, তাহলে প্রতিষ্ঠানগুলোরও সেই মডেল বিশ্লেষণ ও নিজেদের প্রয়োজন অনুযায়ী নতুন মডেল তৈরির সুযোগ থাকা উচিত। এ ক্ষেত্রে তিনি তথাকথিত ‘ডিস্টিলেশন’ বা বিদ্যমান মডেলের কার্যপদ্ধতি থেকে শিক্ষা নেওয়ার বিষয়টির পক্ষে মত দেন।

নাদেলা বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেন এমন সব এআই সেবাকে ঘিরে, যেখানে ব্যবহারকারীর তথ্য ও কথোপকথন ভবিষ্যতে মডেল উন্নয়নের জন্য ব্যবহারের অধিকার সংরক্ষণ করা হয়। তাঁর মতে, এই নীতিই দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানের তথ্যনিরাপত্তা ও প্রতিযোগিতামূলক সক্ষমতার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।

সমাধান হিসেবে তিনি প্রতিষ্ঠানগুলোকে নিজেদের তথ্যের পূর্ণ মালিকানা বজায় রাখার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে এমন প্রযুক্তিগত কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন, যাতে প্রয়োজনে সহজেই এক এআই মডেল থেকে অন্য মডেলে যাওয়া যায় এবং কোনো একটি প্রতিষ্ঠানের প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়তে না হয়।

প্রযুক্তি খাতের বিশ্লেষকদের মতে, বড় বড় প্রতিষ্ঠান ইতোমধ্যে নিজস্ব সার্ভারে পরিচালিত ওপেন-সোর্স এআই মডেলের দিকে ঝুঁকছে। এতে তথ্য প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণেই থাকে, খরচও তুলনামূলক কম পড়ে এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগও অনেকটা কমে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের তথ্যেও ওপেন-সোর্স এআই মডেলের ব্যবহার দ্রুত বাড়ার ইঙ্গিত মিলেছে। বিশেষজ্ঞদের ধারণা, মাইক্রোসফটের প্রধান নির্বাহীর এমন প্রকাশ্য মন্তব্যের পর করপোরেট বিশ্বে নিজস্ব অবকাঠামোভিত্তিক এআই ব্যবহারের প্রবণতা আরও গতি পেতে পারে।

ব্লগের শেষদিকে নাদেলা বলেন, একটি প্রতিষ্ঠান যখন এআই ব্যবহার করে, তখন সেটি শুধু প্রযুক্তি গ্রহণই করে না; একই সঙ্গে নতুন জ্ঞানও তৈরি করে। আর সেই জ্ঞানের মালিকানা প্রতিষ্ঠানের হাতেই থাকা উচিত।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন