- ১২ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
আসাদুল হাবিব জানিয়েছেন, অতি অল্প সময়ের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, এ প্রকল্পে অর্থায়ন ও কারিগরি সহায়তা দেবে China এবং সরকারের উচ্চপর্যায়ের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বিষয়টি দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
সোমবার দুপুরে লালমনিরহাট জেলা স্টেডিয়াম মাঠে প্রাণ-আরএফএল গ্রুপের উদ্যোগে আয়োজিত এক চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর তিস্তা প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আশা প্রকাশ করে বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার খুব দ্রুত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু করতে সক্ষম হবে।
লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব আরও বলেন, সরকারের অন্যতম অগ্রাধিকার হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। আগামী পাঁচ বছরে এক কোটি মানুষের চাকরির সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানান তিনি। সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
তিনি বলেন, দেশে বেকারত্ব বড় ধরনের সামাজিক ও অর্থনৈতিক সংকটে পরিণত হয়েছে। এ সমস্যা মোকাবিলায় সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থানমুখী কর্মসূচি হাতে নিয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ এবং খাল খননের মতো প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে।
ক্রীড়া উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকার দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি তরুণদের ক্রীড়ায় আগ্রহী করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করা হয়েছে।
বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সরাসরি ঢাকা পর্যন্ত চালুর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে রেলওয়ের ইঞ্জিন ও বগির সংকট রয়েছে। তবে নতুন লোকোমোটিভ ও বগি সংগ্রহের পর বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
উল্লেখ্য, মন্ত্রী হওয়ার পর আসাদুল হাবিব ঘোষণা দিয়েছিলেন, ছয় মাসের মধ্যে বুড়িমারী থেকে লালমনিরহাট হয়ে সরাসরি ঢাকা পর্যন্ত ট্রেন চলাচল চালু করা হবে।