- ১২ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন কাঁটাতারের বেড়া নির্মাণ ও সীমান্ত হত্যা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন নাসীরুদ্দীন পাটোয়ারী। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সীমান্ত পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন তুলে ধরেন এবং মানবাধিকার ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।
পোস্টে তিনি বলেন, সীমান্ত এলাকায় নতুন করে জমি বরাদ্দ ও বিভেদের দেয়াল তৈরির উদ্যোগ শুধু বাংলাদেশ-ভারত সম্পর্ক নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নিয়েও নতুন উদ্বেগ তৈরি করছে। তার মতে, সীমান্ত কেবল ভৌগোলিক বিভাজন নয়; এটি মানুষের জীবন, পারিবারিক সম্পর্ক ও মানবিক অধিকারের সঙ্গেও গভীরভাবে জড়িত।
নাসীরুদ্দীন পাটোয়ারী দীর্ঘদিন ধরে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাগুলোকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানান। তিনি বলেন, আধুনিক বিশ্বে সীমান্ত ব্যবস্থাপনা ভয়, গুলি কিংবা দেয়াল দিয়ে পরিচালিত হওয়া উচিত নয়; বরং পারস্পরিক সম্মান, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল কূটনীতির ভিত্তিতে সমস্যার সমাধান হওয়া প্রয়োজন।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সামাজিক সম্পর্ক রয়েছে। এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়, যা দুই দেশের মানুষের মধ্যে অবিশ্বাস ও দূরত্ব বাড়িয়ে দেয়।
বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সীমান্ত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো আন্তর্জাতিক পরিসরে জোরালোভাবে তুলে ধরতে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়া প্রয়োজন।
পোস্টের শেষাংশে তিনি দক্ষিণ এশিয়ায় শান্তি ও সহযোগিতার পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তার ভাষায়, এই অঞ্চলের মানুষের প্রয়োজন সংঘাত নয়, বরং পারস্পরিক আস্থা, সহযোগিতা ও মানবিক মর্যাদাভিত্তিক সম্পর্ক।