Monday, August 3, 2026

ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ডিসেম্বরজুড়ে


ফাইল ছবিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি কার্যক্রমের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে। আবেদন গ্রহণ শেষ হবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে।

রোববার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং আইবিএ ইউনিট।

ঘোষিত সূচি অনুযায়ী, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর শনিবার। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হবে ১৯ ডিসেম্বর শনিবার। চারুকলা ইউনিটের পরীক্ষা হবে ২২ ডিসেম্বর মঙ্গলবার, ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর শনিবার এবং আইবিএ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর শনিবার।

আইবিএ ইউনিট ছাড়া অন্য সব ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

এবারও ঢাকার পাশাপাশি দেশের আটটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ঢাকা ছাড়া পরীক্ষার কেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার মানবণ্টনেও পরিবর্তন আনা হয়েছে। আইবিএ ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটে ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। চারুকলা ইউনিটে থাকবে ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা। আর আইবিএ ইউনিটে ৭০ নম্বরের এমসিকিউ এবং ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্যান্য ইউনিটের এমসিকিউ ও লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট করে সময় নির্ধারণ করা হয়েছে। চারুকলা ইউনিটের এমসিকিউ পরীক্ষার সময় ৩০ মিনিট এবং অঙ্কন পরীক্ষার সময় ৬০ মিনিট। আইবিএ ইউনিটে এমসিকিউ পরীক্ষার জন্য ৯০ মিনিট এবং বর্ণনামূলক পরীক্ষার জন্য ৩০ মিনিট সময় দেওয়া হবে।

ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষার নম্বর ১০০ এবং মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার ফলাফলের জন্য থাকবে ২০ নম্বর।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বিজ্ঞান ইউনিটে আবেদনের জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) জিপিএর যোগফল ন্যূনতম ৮ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে। এছাড়া মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং পৃথকভাবে ৩.০ থাকতে হবে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদনের ক্ষেত্রেও বিভাগভেদে নির্ধারিত জিপিএ শর্ত রাখা হয়েছে। চারুকলা ইউনিটে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর যোগফল ন্যূনতম ৬.৫ এবং পৃথকভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।

সভায় বিজ্ঞান ইউনিটের ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের জন্য কারিকুলাম অনুযায়ী আলাদা প্রশ্নপত্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু হবে আগামী ২৮ মার্চ থেকে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন