- ২০ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে বিরোধী জোটের প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি এ পদে বিজয়ী হন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে উৎসবমুখর পরিবেশে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সংসেদ উপস্থিত সকলের সামনেই প্রকাশ্যে ভোট গণনা সম্পন্ন হয়। প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
নির্বাচনে মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নিরঙ্কুশ জয় অর্জন করেন। অন্যদিকে, জামায়াত সমর্থিত ১১ দলীয় বিরোধী জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ, বীর বিক্রম পান ৮৮ ভোট।
ভোটদান প্রক্রিয়া চলাকালে সংসদ সদস্যরা তাঁদের নিজ আসনে বসে গোপনীয়তা রক্ষা করে ব্যালট পেপারে পূর্ণ নাম স্বাক্ষর পূর্বক ভোটাধিকার প্রয়োগ করেন। নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী, সংসদ সদস্যদের মধ্যে প্রথম ভোটটি দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর পর্যায়ক্রমে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অন্যান্য সংসদ সদস্যরা তাঁদের নিজ নিজ ব্যালট জমা দেন।
ঘোষিত বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় পদে পরিবর্তন এলো। আইনি ও সাংবিধানিক আনুষ্ঠানিকতা শেষে নবনির্বাচিত রাষ্ট্রপতি বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করবেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজপথের অভিজ্ঞতা সম্পন্ন এই অভিজ্ঞ নেতার রাষ্ট্রপতি নির্বাচনে জয়ে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে।