- ০৮ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটি হতাশাবাদী গোষ্ঠী রয়েছে যারা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার দুপুরে নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে রবীন্দ্র কাছারিবাড়িতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসন যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, “দেশে নতুন পরিবর্তনের পর মানুষ সরকারের প্রতি আশা নিয়ে আছে। কিন্তু একটি মহল নানা ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে সমাজে বিভ্রান্তি ও গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে। আমরা কেউ চাই না দেশ আবার অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাক।”
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে তরুণরা পরিবর্তনের যে আকাঙ্ক্ষা দেখিয়েছে, তা দেশের রাজনৈতিক বাস্তবতায় নতুন অধ্যায়ের সূচনা করেছে। অতীতে যারা রাষ্ট্র পরিচালনায় ছিল, তারা অর্থনীতি, ব্যাংক ব্যবস্থা ও প্রশাসনকে ক্ষতিগ্রস্ত করেছে বলেও মন্তব্য করেন তিনি।
রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, শত বছর আগেও বিশ্বকবি যে সমাজভাবনা ও উন্নয়নচিন্তা করেছিলেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। কৃষকের উন্নয়ন ও আধুনিক কৃষিব্যবস্থা নিয়ে রবীন্দ্রনাথের উদ্যোগ বর্তমান সময়েও অনুকরণীয় বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, সাহিত্য ও সংস্কৃতিচর্চা মানুষকে মানবিক ও ইতিবাচক করে তোলে। তাই নতুন প্রজন্মকে সাহিত্য, গান ও সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান তিনি।
নিজের রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ বারবার গণতন্ত্র ও পরিবর্তনের জন্য সংগ্রাম করেছে। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সব ক্ষেত্রেই মানুষের আত্মত্যাগ রয়েছে। দেশের স্বাধীনতা ও জাতীয় পরিচয়ের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।