Friday, May 8, 2026

বগুড়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু


প্রতীকী ছবিঃ সংঘর্ষ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। বগুড়া

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি বাড়িতে সিঁধ কেটে প্রবেশের অভিযোগে সেলিম মিয়া (৩২) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত সেলিম মিয়া বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পিলকুঞ্জ গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে সেলিম মিয়া সিঁধ কেটে গোপাল চন্দ্র নামে এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগ ওঠে। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

পরে স্থানীয়রা বাড়িটি ঘিরে ফেলে সেলিম মিয়াকে আটক করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন শুক্রবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন