- ১১ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৬ জন শিশু হাম বা হামের উপসর্গে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা রেকর্ড হয়নি।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬০ জনে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন। সব মিলিয়ে এ সময়ে হামের সঙ্গে সংশ্লিষ্ট মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৩ জন।
এদিকে, গত একদিনে নতুন করে ৭৮৬ জন শিশুর মধ্যে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে চলমান প্রাদুর্ভাব নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ আরও বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী হাম-রুবেলা (এমআর) টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ, কাশি, সর্দি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দিয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকাদান, দ্রুত রোগ শনাক্তকরণ এবং আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা গেলে হামের সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।