- ০২ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে মানবাধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে আয়োজন করা হয় ‘২য় জাতীয় মানবাধিকার অলিম্পিয়াড–২০২৬’। দেশের ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে একযোগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ১২০০ শিক্ষার্থী।
শুক্রবার (১ মে) সকাল ১০টায় নির্ধারিত কেন্দ্রগুলোতে লিখিত পরীক্ষার মাধ্যমে অলিম্পিয়াডের মূল কার্যক্রম শুরু হয়। ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম কলেজ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।
পরীক্ষা শেষে প্রতিটি কেন্দ্রে শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালি অনুষ্ঠিত হয়। এসব র্যালিতে মানবাধিকার বিষয়ে সচেতনতার নানা বার্তা তুলে ধরা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
অলিম্পিয়াডটির আয়োজন করে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। আয়োজকরা জানান, ২০১৪ সাল থেকে সংগঠনটি মানবাধিকার নিয়ে কাজ করছে এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের এই বিষয়ে দক্ষ করে তুলছে। গত বছর থেকে স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে অলিম্পিয়াড চালু করা হয়, যাতে কম বয়স থেকেই মানবাধিকার বিষয়ে সচেতনতা গড়ে ওঠে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিত ছিলেন সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সাবেক কমিশনার মো. শরীফুল ইসলাম।
আয়োজকরা মনে করেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ন্যায়বোধ, সমতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে। একই সঙ্গে ভবিষ্যতে সামাজিক ও জাতীয় বিভিন্ন বিষয়ে ইতিবাচক অংশগ্রহণে তাদের প্রস্তুত করে।
তারা আরও জানান, বর্তমানে সীমিত পরিসরে আয়োজন করা হলেও আগামীতে দেশের আরও বিভাগে এই অলিম্পিয়াড বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।