- ০২ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) ভোরে লাগা এ আগুনে প্রতিষ্ঠানের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টার দিকে ভবনের একটি অংশে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে নথিপত্রের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর সকালেই স্থানটি পরিদর্শন করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি ক্ষয়ক্ষতির চিত্র দেখে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত তদন্তের নির্দেশ দেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
মন্ত্রী বলেন, অগ্নিকাণ্ডটি দুর্ঘটনা নাকি নাশকতামূলক—তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে এবং দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম জানান, আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এই ঘটনায় প্রশাসনিক কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। তবে ক্ষতি কাটিয়ে দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।