Wednesday, August 12, 2026

দীর্ঘ বিরতির পর জোভান-তিশার প্রত্যাবর্তন, ‘প্রতিশোধ’ ঘিরে দর্শকের উচ্ছ্বাস


ছবিঃ জোভান ও তানজিন তিশা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

একসময় টেলিভিশন নাটকের জনপ্রিয় জুটি ছিলেন ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা। ‘আই হেট লাভ স্টোরি’, ‘মাতাল হাওয়া’, ‘কি করে বলব তোকে’, ‘কাপল ক্যাম্পাস’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শকদের কাছে আলাদা জায়গা তৈরি করেছিলেন তাঁরা। দীর্ঘ বিরতির পর এবার নতুন নাটক ‘প্রতিশোধ’-এর মাধ্যমে আবারও পর্দায় ফিরেছেন এই জুটি।

দর্শকদের কাছে জোভান-তানজিন তিশা জুটি ‘তিভান’ নামে পরিচিত। তাঁদের একসঙ্গে নতুন কাজ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো সেই জুটিকে নিয়ে আগ্রহ দেখা গেছে। নাটকের মন্তব্যের ঘরে অনেক দর্শক তাঁদের রসায়নের প্রশংসা করার পাশাপাশি নিয়মিতভাবে একসঙ্গে কাজ করার প্রত্যাশা জানিয়েছেন।

এক দর্শক মন্তব্য করেন, জোভান-তিশার পুরোনো নাটকগুলো এখনো তিনি নিয়মিত দেখেন। তাঁর মতে, দুজনের অভিনয়ের মধ্যে এমন একটি স্বাভাবিক বোঝাপড়া রয়েছে, যা পর্দায় আলাদা আকর্ষণ তৈরি করে। দীর্ঘদিন পর নতুন নাটকে তাঁদের একসঙ্গে দেখে আবারও নিয়মিত কাজের প্রত্যাশা জানিয়েছেন তিনি।

আরেক দর্শক লিখেছেন, অনেক দিন পর এই জুটির নতুন নাটক দেখে ভালো লেগেছে। গল্পের পাশাপাশি দুজনের স্বাভাবিক অভিনয় ও পর্দার রসায়নই তাঁদের জুটিকে আলাদা করে তোলে বলে মন্তব্য করেন তিনি।

জোভান ও তানজিন তিশা একই সময়ের কাছাকাছি অভিনয়জগতে যাত্রা শুরু করেন। ক্যারিয়ারের একটি পর্যায়ে নিয়মিত একসঙ্গে কাজ করলেও পরে দুজনকে পর্দায় একসঙ্গে কম দেখা যায়। দীর্ঘ বিরতির পর ‘প্রতিশোধ’ তাঁদের সেই পুরোনো জুটিকে আবার সামনে নিয়ে এসেছে।

নাটকটি প্রসঙ্গে ফারহান আহমেদ জোভান বলেন, অনেক দিন পর তাঁরা একসঙ্গে কাজ করেছেন। ঈদের আগে নাটকটির শুটিং করা হয়েছিল বলেও জানান তিনি।

‘প্রতিশোধ’-এর গল্প আবর্তিত হয়েছে ক্যারিয়ার ও চাকরির বাজারের একটি বাস্তবধর্মী সংকটকে ঘিরে। বিদেশে পড়াশোনা শেষ করে এক বছর চাকরি করার পর দেশে ফেরে এক তরুণ। দেশে ফিরে একটি প্রতিষ্ঠানে সিইও পদে চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে সে অপ্রত্যাশিত এক অভিজ্ঞতার মুখোমুখি হয়। এরপর গল্প এগিয়ে যায় ক্যারিয়ারকেন্দ্রিক এক ধরনের প্রতিশোধের দিকে।

চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের কাছে অভিজ্ঞতার যে অতিরিক্ত প্রত্যাশা করা হয়, নাটকটিতে সেই বাস্তবতার একটি দিক তুলে ধরা হয়েছে। গল্পের মধ্য দিয়ে দর্শকদের জন্য সচেতনতার বার্তাও দেওয়ার চেষ্টা করা হয়েছে।

‘প্রতিশোধ’ পরিচালনা করেছেন মাহমুদ মহিন। নাটকটির গল্প ও চিত্রনাট্যে রয়েছেন শাহজাহান সৌরভ ও মাহমুদ মহিন। জোভান ও তানজিন তিশার সঙ্গে অভিনয় করেছেন আরেফিন জিলানী, মানস বন্দ্যোপাধ্যায় ও বড়দা মিঠু।

নাটকটি ইতোমধ্যে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। দীর্ঘ বিরতির পর জোভান-তিশার একসঙ্গে ফেরাকে কেন্দ্র করে দর্শকদের আগ্রহ এখন নাটকটির প্রতিক্রিয়াতেও প্রতিফলিত হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন