- ১৫ জুলাই, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে ওপেনএআই। চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো হার্ডওয়্যার ডিভাইস বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। নতুন এই ডিভাইসটি হতে পারে একটি এআই-চালিত স্মার্ট স্পিকার, যা ব্যবহারকারীর সঙ্গে আরও স্বাভাবিক ও ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে সক্ষম হবে।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে উন্নয়ন পর্যায়ে থাকা ডিভাইসটির কোনো স্ক্রিন থাকবে না। ওপেনএআই অভ্যন্তরীণভাবে এটিকে এমন একটি ‘মানবসদৃশ এআই সঙ্গী’ হিসেবে বিবেচনা করছে, যা ঘরের মধ্যে থেকে ব্যবহারকারীর বিভিন্ন কাজে সহায়তা করবে।
প্রচলিত স্মার্ট স্পিকারের তুলনায় ওপেনএআইয়ের এই ডিভাইসটি আরও উন্নত প্রযুক্তিনির্ভর হবে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ডিভাইসটিতে নিজস্ব একটি ‘ব্যক্তিত্ব’ থাকবে এবং এটি সময়ের সঙ্গে ব্যবহারকারীর অভ্যাস, পছন্দ ও প্রয়োজন সম্পর্কে শিখে আরও ব্যক্তিগত সেবা দিতে পারবে।
এমনকি ব্যবহারকারীর ডিজিটাল জীবনের বিভিন্ন তথ্য, যেমন ই-মেইলসহ অন্যান্য অনলাইন কার্যক্রমের সঙ্গে সংযুক্ত হয়ে সহায়ক ভূমিকা রাখার সক্ষমতাও থাকতে পারে ডিভাইসটিতে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডিভাইসটিতে এমন কিছু যান্ত্রিক উপাদান থাকতে পারে, যা নিজে থেকে নড়াচড়া করতে সক্ষম হবে। এর নকশার মূল লক্ষ্য হলো, এটিকে শুধু একটি প্রযুক্তিপণ্য নয়, বরং চ্যাটজিপিটির একটি বাস্তব বা শারীরিক রূপ হিসেবে উপস্থাপন করা।
ওপেনএআইয়ের এই হার্ডওয়্যার প্রকল্পে অ্যাপলের সাবেক বেশ কয়েকজন প্রকৌশলী কাজ করছেন বলে জানা গেছে। এসব প্রকৌশলী এর আগে আইফোন ও ম্যাকের মতো জনপ্রিয় প্রযুক্তিপণ্য তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
তবে হার্ডওয়্যার খাতে প্রবেশের এই উদ্যোগের মধ্যেই আইনি জটিলতায় পড়েছে ওপেনএআই। সম্প্রতি অ্যাপল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বাণিজ্যিক গোপন তথ্য ব্যবহারের অভিযোগ এনে মামলা করেছে। অ্যাপলের দাবি, এ অভিযোগের আরও বিস্তারিত তথ্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে সামনে আসবে। তবে ওপেনএআই এসব অভিযোগ অস্বীকার করেছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআই মনে করছে তাদের নতুন ডিভাইস বর্তমান বাজারের অ্যাপল পণ্যের তুলনায় সম্পূর্ণ ভিন্ন ধরনের হবে এবং এতে অ্যাপলের কোনো গোপন প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নেই।
বিশ্বজুড়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখন ভোক্তাভিত্তিক এআই হার্ডওয়্যার তৈরির প্রতিযোগিতা বাড়ছে। এরই মধ্যে নতুন প্রজন্মের ব্যক্তিগত এআই ডিভাইস তৈরিতে বড় ধরনের বিনিয়োগ শুরু হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু মোবাইল বা কম্পিউটারের সফটওয়্যারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং মানুষের দৈনন্দিন জীবনের অংশ হিসেবে আলাদা হার্ডওয়্যার ডিভাইসের মাধ্যমে আরও সরাসরি যুক্ত হবে। ওপেনএআইয়ের নতুন উদ্যোগ সেই পরিবর্তনেরই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।