Thursday, July 16, 2026

চট্টগ্রামে অস্ত্রসহ আটকের ঘটনায় যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার


ফাইল ছবিঃ আয়াত উল্লাহ হুমাইনী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রসহ আটক হওয়ার ঘটনায় কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আয়াত উল্লাহ হুমাইনীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে জেলা যুবদল। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাতে জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ জুলাই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অস্ত্রসহ আটক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আয়াত উল্লাহ হুমাইনীর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি দলের প্রাথমিক সদস্যপদ এবং সব ধরনের দলীয় কার্যক্রম থেকেও বহিষ্কার করা হয়েছে।

জেলা যুবদল জানায়, সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নেতাকর্মীদের উদ্দেশে দলীয় নীতিমালা ও শৃঙ্খলা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানের নির্দেশনায় বহিষ্কারের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

দলীয় সূত্র বলছে, ভবিষ্যতেও কোনো নেতাকর্মীর বিরুদ্ধে সংগঠনের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন