Thursday, July 30, 2026

চিপ ব্যবসায় স্যামসাং-এর রেকর্ড উত্থান, মুনাফা বেড়েছে ২৫০ গুণের বেশি


ছবিঃ স্যামসাং (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চাহিদা বৃদ্ধির কারণে সেমিকন্ডাক্টর ব্যবসায় বড় ধরনের সাফল্য পেয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের চিপ বিভাগে মুনাফা আগের বছরের তুলনায় ২৫০ গুণের বেশি বেড়েছে।

একই সঙ্গে বিশ্বের বৃহত্তম মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, বড় বড় ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি করেছে তারা। স্যামসাং -এর ধারণা, বৈশ্বিক চিপ সংকট আরও তীব্র হতে পারে এবং এর প্রভাব ২০২৮ সাল পর্যন্ত চলতে পারে।

তবে কোম্পানির এই ইতিবাচক পূর্বাভাসও বিনিয়োগকারীদের উদ্বেগ পুরোপুরি দূর করতে পারেনি। এআই অবকাঠামোতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিপুল বিনিয়োগ ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে চাপ তৈরি করতে পারে এমন আশঙ্কায় বাজারে চিপ কোম্পানিগুলোর শেয়ারে চাপ দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার স্যামসাং -এর শেয়ার দর শুরুতে ৮ দশমিক ৪ শতাংশ পর্যন্ত বাড়লেও দিন শেষে তা ০ দশমিক ৭ শতাংশ কমে যায়। একই সময়ে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এসকে হাইনিক্সের শেয়ারও প্রায় ৫ দশমিক ৬ শতাংশ কমেছে।

স্যামসাং জানিয়েছে, বিশ্বের শীর্ষ পাঁচটি ডেটা সেন্টার প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদি চিপ সরবরাহ চুক্তি সম্পন্ন হয়েছে। আরও পাঁচটি বড় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির আলোচনা চলছে। এসব চুক্তির মেয়াদ সাধারণত পাঁচ বছর বা তার বেশি হবে এবং এতে আগাম অর্থ প্রদান ও নির্ধারিত ন্যূনতম মূল্য ব্যবস্থার মতো শর্ত থাকবে।

স্যামসাং -এর মেমোরি ব্যবসার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জে জুন কিম বলেন, প্রায় সব গ্রাহকই এখন দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তিতে আগ্রহ দেখাচ্ছেন। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদে নিজেদের মেমোরি উৎপাদনের প্রায় দুই-তৃতীয়াংশের জন্য স্থিতিশীল বাজার নিশ্চিত করতে চায়।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় প্রান্তিকে স্যামসাং -এর সেমিকন্ডাক্টর বিভাগ ৮৯ দশমিক ২ ট্রিলিয়ন ওন (প্রায় ৬১ দশমিক ৭ বিলিয়ন ডলার) পরিচালন মুনাফা করেছে, যা এক বছর আগের তুলনায় ২৫০ গুণের বেশি। একই সময়ে পুরো গ্রুপের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৮৯ দশমিক ৫ ট্রিলিয়ন ওন।

প্রতিষ্ঠানটির মোট আয় বেড়েছে ১৩০ শতাংশ, যা দাঁড়িয়েছে ১৭১ দশমিক ৫ ট্রিলিয়ন ওনে।

তবে চিপের মূল্য বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে স্যামসাং -এর মোবাইল ব্যবসায়। এই বিভাগটি প্রথমবারের মতো লোকসানের মুখে পড়ে এবং প্রায় ৭০০ বিলিয়ন ওন ক্ষতির কথা জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, স্যামসাং -এর একদিকে চিপ ব্যবসা শক্তিশালী অবস্থানে গেলেও অন্যদিকে মেমোরি চিপের বাজার পরিস্থিতির ওপর নির্ভরশীলতা বেড়েছে। এআই প্রযুক্তির জন্য চিপের চাহিদা কতটা দীর্ঘস্থায়ী হবে, সেটিই এখন বড় প্রশ্ন।

এদিকে, উচ্চক্ষমতাসম্পন্ন মেমোরি চিপ (HBM) বাজারেও স্যামসাং দ্রুত অগ্রগতি করছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এআই প্রসেসরে ব্যবহৃত HBM4 চিপের বিক্রি তৃতীয় প্রান্তিকে তিন গুণের বেশি বাড়তে পারে। বর্তমানে Nvidia ও AMD-এর মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে স্যামসাং -এর HBM সরবরাহ সম্পর্ক রয়েছে।

স্যামসাং আরও জানিয়েছে, তাদের ফাউন্ড্রি ব্যবসা, যেখানে তারা TSMC ও Intel-এর সঙ্গে প্রতিযোগিতা করছে, শিগগিরই ঘুরে দাঁড়াতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে নির্মাণাধীন Taylor কারখানায় চলতি বছর উৎপাদন শুরু করার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে দ্বিতীয় একটি কারখানায় উৎপাদন শুরুর পরিকল্পনাও রয়েছে।

অন্যদিকে, এআই চিপের বাড়তি চাহিদা পূরণে প্রতিদ্বন্দ্বী এসকে হাইনিক্স চলতি বছরের মূলধনী ব্যয় প্রায় ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা জানিয়েছে।

স্যামসাং -এর কর্মকর্তারা জানিয়েছেন, কোম্পানি চলতি বছরের জন্য শেয়ারহোল্ডারদের বাড়তি সুবিধা দেওয়ার বিষয়েও সক্রিয়ভাবে আলোচনা করছে। তবে বাজারে অস্থিরতার কারণে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান অব্যাহত রয়েছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন